Tepantor

‘সাহস থাকলে দেশে এসে আইনের মুখোমুখি হোন’, পলাতক নেতাদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা

14 January, 2026 : 3:04 pm

বিদেশে অবস্থান করে নির্বাচনী পরিস্থিতি অস্থিতিশীল করার হুমকির কোনো রাজনৈতিক গুরুত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ১০৪তম রিক্রুটিং প্যারেড শেষে তিনি স্পষ্ট করে বলেন, যারা বিদেশে বসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, তাদের সাহস থাকলে দেশে ফিরে এসে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া উচিত।

সীমান্তবর্তী দেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী ও তার পুত্রের দেওয়া সম্ভাব্য হুমকি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, পলাতক ব্যক্তিদের বক্তব্যের কোনো আইনি বা বাস্তব ভিত্তি নেই। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে জনবল বাড়ানো হচ্ছে।

মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, রাখাইন সীমান্ত বর্তমানে বিদ্রোহী গোষ্ঠী ‘আরাকান আর্মি’র নিয়ন্ত্রণে থাকায় জটিলতা বাড়ছে। মিয়ানমার সেনাবাহিনীর অনুপস্থিতিতে তৈরি হওয়া এই অস্থিতিশীলতার কারণে সম্প্রতি সীমান্তে গোলাগুলি ও শিশু আহতের মতো ঘটনা ঘটছে। বাংলাদেশ সরকার এই গ্রুপটিকে কোনো বৈধতা দেয়নি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কূটনৈতিক স্তরে প্রতিবাদ জানানো হচ্ছে।

উপদেষ্টা আরও জানান, এবার বিজিবিতে রেকর্ড ৩ হাজার ২৩ জন নবীন সৈনিক অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আগে কখনো হয়নি। এই বিশাল জনবল মূলত জাতীয় নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যেই নিয়োজিত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীতে আগের সরকারের কোনো প্রভাব বা অনুপ্রবেশকারীর অস্তিত্ব নেই বলেও তিনি দাবি করেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array