তেপান্তর রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকের ধাক্কায় সামাউন (২০) ও আব্দুর রহমান (২৩) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে।
নিহত সামাউন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে এবং আব্দুর রহমান একই এলাকার মাকরুল মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহী দুই যুবক ভৈরবের দিকে যাচ্ছিলেন। সোনারামপুর সেতুর ওপর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল আলম চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের স্বজনেরা মরদেহ নিয়ে হাসপাতাল থেকে ভৈরবে চলে যান।
দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হলেও পরে হাটিখাতা হাইওয়ে থানা পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics