তেপান্তর রিপোর্ট:
আগামী ২২ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ব্রাহ্মণবাড়িয়া সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় জেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনগুলো। সফরটি সফল করতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে শহরের পুনিয়াউট এলাকায় এক গুরুত্বপূর্ণ যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনি প্রচারণা শুরু করবেন। সিলেট থেকে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড়ে নেতাকর্মীদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।
যৌথ সভায় প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তৃণমূলের সাংগঠনিক শক্তি প্রদর্শনের ওপর জোর দেন। সভায় জেলা বিএনপির ১৪টি সাংগঠনিক ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সরাইল বিশ্বরোড সংলগ্ন কুট্টাপাড়ায় বিশাল জমায়েতের মাধ্যমে চেয়ারম্যানকে স্বাগত জানাতে এখন থেকেই প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি চলছে। সভায় জেলার শীর্ষ নেতাদের পাশাপাশি অঙ্গ-সংগঠনের প্রতিনিধিরা তাদের নিজ নিজ ইউনিটের পরিকল্পনা তুলে ধরেন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics