তেপান্তর রিপোর্ট:
বিদেশের মাটিতে এক প্রবাসীর বাসায় বসে বিপুলসংখ্যক পোস্টাল ব্যালটের খাম গণনার ঘটনাকে ঘিরে গভীর উদ্বেগ ও সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব এবং শরীয়তপুর-৩ আসনের মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের শিকদার বাড়িতে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
বাহরাইনে সংঘটিত এই ঘটনাটি নির্বাচনি স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে উল্লেখ করে নুরুদ্দিন অপু বলেন, “পোস্টাল ব্যালট নিয়ে যা ঘটেছে তা অত্যন্ত স্পর্শকাতর। এই ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করা এবং এর পেছনের সত্যতা বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের দায়িত্ব।” প্রবাসীদের ভোট নিয়ে কোনো ধরনের কারসাজি সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
নির্বাচনি পরিবেশ নিয়ে তিনি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যত স্বাভাবিক মনে হলেও জনমনে আস্থা ফেরাতে এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা জরুরি।
জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’ নীতির কথা উল্লেখ করে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গঠন করা হবে। শরীয়তপুরের উন্নয়ন ও জনসেবার লক্ষ্যেই তিনি এবার নির্বাচনি লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন বলে জানান।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics