তেপান্তর রিপোর্ট:
ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে শেখ ইমরানুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইমরানুল জেলার বিজয়নগর থানার একটি নাশকতা মামলার এজাহারনামীয় আসামি।
পুলিশ জানায়, গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যুর পর থেকেই একটি মহল ফেসবুকে গুজব ও উসকানিমূলক পোস্ট দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছিল। ইমরানুল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে শহীদ হাদিকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ ও উসকানিমূলক মন্তব্য করেন, যা জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে বা কারো মৃত্যু নিয়ে কটূক্তি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics