Tepantor

কেরানীগঞ্জে ২১ দিন পর মা-মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার: পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

16 January, 2026 : 9:31 am

তেপান্তর রিপোর্ট:

ঢাকার কেরানীগঞ্জে নিখোঁজের ২১ দিন পর একটি ফ্ল্যাট থেকে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে কালিন্দী ডায়াবেটিস বাজার এলাকার একটি বাড়ির খাটের নিচ ও বাথরুমের ছাদ থেকে রোকেয়া রহমান (৩২) ও তার মেয়ে ফাতেমার (১৪) মৃতদেহ উদ্ধার করা হয়।

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের বিরুদ্ধে চরম অসহযোগিতা ও গাফিলতির অভিযোগ তুলেছেন স্বজনরা। নিহত রোকেয়ার স্বামী শাহীন আহমেদের দাবি, গত ২৫ ডিসেম্বর স্কুলছাত্রী ফাতেমা গৃহশিক্ষিকার কাছে পড়তে গিয়ে নিখোঁজ হয়। পরে তাকে খুঁজতে গিয়ে নিখোঁজ হন তার মা-ও। এরপর তিন সপ্তাহ ধরে থানায় শতাধিকবার গেলেও পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) না নিয়ে তাকেই উল্টো দোষারোপ করেছে।

ভুক্তভোগী শাহীন আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পুলিশ বলেছিল পারিবারিক ঝগড়ার জেরে তারা কোথাও চলে গেছে। বাড়িওয়ালাও কোনো সহযোগিতা করেনি। সময়মতো পুলিশ ব্যবস্থা নিলে হয়তো আজ আমার স্ত্রী-সন্তানকে লাশ হতে হতো না।’ বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকলে বাড়ির মালিক পুলিশে খবর দেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে গৃহশিক্ষিকাসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array