Tepantor

হার্ট অ্যাটাক করে সিসিইউতে মাহমুদুর রহমান মান্না

17 January, 2026 : 7:46 am

তেপান্তর রিপোর্ট:

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) গভীর রাতে হঠাৎ অসুস্থবোধ করলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

মান্নার ব্যক্তিগত চিকিৎসক ডা. শোয়েব মুহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে আজ রোববার বেলা ১১টায় নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার জানান, মাহমুদুর রহমান মান্নার চিকিৎসায় ইতিমধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকদের মতে, আগামী ৩৬ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তাকে পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

দলীয় সূত্রে জানানো হয়, ২০১৫ সালে কারাবন্দী থাকাকালে প্রথমবার হার্ট অ্যাটাক করেছিলেন মান্না। সে সময় তার হার্টে একাধিক ব্লক ধরা পড়লেও তৎকালীন সরকার তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়নি। কারামুক্তির পর দীর্ঘদিন পাসপোর্ট আটকে রাখায় তিনি দেশের বাইরে চিকিৎসা নিতে পারেননি বলেও অভিযোগ করেছে তার দল।

বর্ষীয়ান এই নেতার দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছে নাগরিক ঐক্য। হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক তদারকি করছেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array