তেপান্তর রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনী উঠান বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত দুজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, আখিঁতারা গ্রামে রুমিন ফারহানার উঠান বৈঠক চলাকালীন অনুষ্ঠানে আসা দুই যুবকের মধ্যে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এ বিষয়ে কোনো পক্ষ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় সম্প্রতি বিএনপি থেকে বহিষ্কৃত হন ব্যারিস্টার রুমিন ফারহানা। এরপর থেকেই সরাইল-আশুগঞ্জ এলাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ব্যাপক প্রচারণা চালিয়ে আসছেন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics