তেপান্তর রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বর্ষীয়ান সাংবাদিক মো. জসিম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৭ জানুয়ারি) রাত সোয়া ১২টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘ পেশাজীবনে তিনি ইংরেজি দৈনিক ‘দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাংবাদিক জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শনিবার বাদ জোহর ঢাকার বনশ্রী এলাকার তাকওয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে খিলগাঁও তালতলা গোরস্তানে দাফন করা হয়েছে।
এদিকে তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বর্ষীয়ান এই সাংবাদিকের সম্মানে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব। কর্মসূচির মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন ও দোয়া মাহফিল।
এক শোকবার্তায় সাংবাদিক নেতারা বলেন, জসিম উদ্দিনের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকতা জগতের এক অপূরণীয় ক্ষতি হলো। তার সততা ও নিষ্ঠা পরবর্তী প্রজন্মের সংবাদকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics