Tepantor

‘আব্বাস ভাই বিশ্রাম নিন, পাটওয়ারী আরও শেখো’: ঢাকা-৮ আসনে মেঘনা আলমের হুঙ্কার

18 January, 2026 : 7:48 am

তেপান্তর রিপোর্ট:

ঢাকা-৮ আসনের নির্বাচনী লড়াইয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন মডেল ও গণঅধিকার পরিষদের নেত্রী মেঘনা আলম। এই আসনের দুই হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী বিএনপির মির্জা আব্বাস এবং এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে সরাসরি রাজনৈতিক ‘পরামর্শ’ দিয়ে উত্তাপ ছড়িয়েছেন তিনি।

শনিবার (১৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মেঘনা আলম এই দুই নেতাকে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। মির্জা আব্বাসের উদ্দেশে তিনি লেখেন, “মির্জা আব্বাস আমার সিনিয়র, সম্মান জানিয়ে বলব নতুনদের জায়গা ছেড়ে দিন, বিশ্রাম নিন।” অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘স্নেহ’ভাজন ছোট ভাই সম্বোধন করে তার পরামর্শ, “আরও শেখো!”

পোস্টের শেষে তিনি বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই ঘোষণা দেন, “ঢাকা ৮-এ সময় এখন মেঘনা আলমের!”

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলের প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন মেঘনা আলম। একই দিনে তিনি ঢাকা-৮ আসনের জন্য দলটির মনোনয়ন ফরমও সংগ্রহ করেন। অভিজ্ঞ রাজনীতিবিদ বনাম নতুন প্রজন্মের এই লড়াই ঢাকা-৮ আসনের নির্বাচনী সমীকরণকে নতুন মাত্রা দিয়েছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array