নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নির্বাচনকে সামনে রেখে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে ‘মব সন্ত্রাস’ চালিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিক ফায়দা লুটতে বিভেদ সৃষ্টি করে জুলাই বিপ্লবের জাতীয় ঐক্য নসাৎ করার অপচেষ্টা চলছে।
শনিবার (১৭ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা রেললাইন এলাকায় এক জনসভায় নুর এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে এই শোক সভার আয়োজন করা হয়।
নুরুল হক নুর বলেন, এই ষড়যন্ত্রকারী মহলটি বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে প্রমাণ করার মিশনে নেমেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে যে সংহতি তৈরি হয়েছে, তা ভাঙতে তারা মরিয়া।
তিনি আরও বলেন, নির্বাচন ঘনিয়ে আসার এই সময়ে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। মব কালচার বা বিচারবহির্ভূত তৎপরতার আড়ালে যারা ফায়দা নিতে চায়, তাদের রুখে দিতে হবে।
শোক সভায় গণঅধিকার পরিষদের জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাম্প্রদায়িক ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics