দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গ্রস বা মোট রিজার্ভের পরিমাণ বেড়ে এখন ৩২ হাজার ৬২৪ দশমিক ৮৭ মিলিয়ন (৩২.৬২ বিলিয়ন) মার্কিন ডলারে দাঁড়িয়েছে। রোববার (১৮ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ীও রিজার্ভের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এই পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ এখন ২৮ হাজার ২৯ দশমিক ৮৭ মিলিয়ন বা ২৮.০২ বিলিয়ন ডলার। মাত্র দশ দিন আগে, গত ৮ জানুয়ারি আকু (এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন) বিল পরিশোধের পর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৭.৮৪ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, প্রবাসী আয় ও রপ্তানি আয়ের প্রবাহ স্থিতিশীল থাকায় রিজার্ভের এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। সাধারণত মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায়গুলো বিয়োগ করলে প্রকৃত বা নিট রিজার্ভের হিসাব পাওয়া যায়, যা বিপিএম-৬ পদ্ধতি হিসেবে পরিচিত। আইএমএফের শর্তানুযায়ী বর্তমানে এই পদ্ধতিটিই মানদণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
বিগত কয়েক মাসের অস্থিরতা কাটিয়ে রিজার্ভের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের অর্থনীতির সামষ্টিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি ইতিবাচক সংকেত বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics