তেপান্তর রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে চূড়ান্ত লড়াইয়ে থাকছেন ৪৮ জন প্রার্থী। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ জন হেভিওয়েট প্রার্থীসহ মোট ১৩ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় মোট ১০১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ৭২ জন জমা দিয়েছিলেন। এর মধ্যে যাচাই-বাছাইয়ে ১৩ জনের আবেদন বাতিল হয় এবং গতকাল আরও ১৩ জন স্বেচ্ছায় সরে দাঁড়ান।
মনোনয়ন প্রত্যাহারকারী জামায়াত নেতারা হলেন— ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে মো. মোবারক হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে মো. জোনায়েদ হাসান এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আবদুল বাতেন। মূলত জোটগত রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে এই প্রার্থীরা সরে দাঁড়িয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
অন্যান্য প্রত্যাহারকারী প্রার্থীদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মো. ইসলাম উদ্দিন (ইসলামী ফ্রন্ট) ও এসএম শহিদ উল্লাহ (খেলাফত মজলিশ)। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে খেলাফত মজলিশের আবুল ফাতাহ মো. মাসুক। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে হাফেজ মো. এমদাদউল্লাহ (খেলাফত মজলিশ) ও মুহাম্মদ মুহসিনুল হাসান (বাংলাদেশ খেলাফত মজলিশ)। ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মো. হাফেজ আলম (বাংলাদেশ খেলাফত মজলিশ) এবং স্বতন্ত্র প্রার্থী নাছির উদ্দিন হাজারী। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে নজরুল ইসলাম ভূঁইয়া (গণফ্রন্ট) এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে দুই স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেক ও শাহ মুর্তজা আলী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
বর্তমানে নির্বাচনী মাঠে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপি মনোনীত এম. এ. হান্নান এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে জেলা বিএনপি সভাপতি খালেদ হোসেন মাহবুবসহ ৪৮ জন প্রার্থী প্রতীক পাওয়ার অপেক্ষায় আছেন। আজ বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রচার-প্রচারণা।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics