তেপান্তর রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের নির্বাচনী লড়াইয়ে থাকা স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এক উঠান বৈঠকে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সরাইলের চুনটা ইউনিয়নের রসুলপুর গ্রামে আয়োজিত এক সভায় সমর্থকদের ভালোবাসার প্রতিক্রিয়ায় তিনি অশ্রুসিক্ত হন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত ওই বৈঠকে রুমিন ফারহানা বলেন, “আমি শক্ত মনের মানুষ হিসেবে পরিচিত হলেও আপনাদের এই অকৃত্রিম অভ্যর্থনায় নিজেকে ধরে রাখতে পারছি না। আমার মনে হচ্ছে, বাবা এবং দাদা-দাদির দোয়া আছে বলেই আজ আমি এই সম্মান ও ভালোবাসা পাচ্ছি।”
বক্তৃতাকালে এই সাবেক সংসদ সদস্য আরও বলেন, সরাইল ও আশুগঞ্জের মানুষ তার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার মর্যাদা রক্ষা করতে তিনি বদ্ধপরিকর। নির্বাচিত হতে পারলে এই দুই উপজেলাকে একটি ‘মডেল উপজেলা’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
উল্লেখ্য, এবারের নির্বাচনে এই আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত আলোচিত। এর আগে প্রশাসন ও ম্যাজিস্ট্রেট নিয়ে হার্ডলাইন মন্তব্যের কারণে আলোচনায় থাকলেও, সোমবারের বৈঠকে রুমিন ফারহানার এই আবেগঘন রূপ উপস্থিত সাধারণ ভোটার ও কর্মীদের মাঝে নতুন এক আবহ তৈরি করেছে। বৈঠকে রুমিন ফারহানা নিজেকে সাধারণ মানুষের সেবক হিসেবে উপস্থাপন করে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics