তেপান্তর রিপোর্ট:
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে এখন পুরোপুরি প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা। দীর্ঘ সময় পর দলীয় প্রধানের সরাসরি উপস্থিতিতে জনসভা ঘিরে জেলাজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উদ্দীপনা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সরাইলের কুট্টাপাড়া খেলার মাঠে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হবে।
তারেক রহমান দলের চেয়ারম্যান হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া জেলায় এটিই তার প্রথম সফর। ফলে এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। জনসভাস্থল ও আশপাশের এলাকায় বসানো হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
দলীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই একর আয়তনের কুট্টাপাড়া মাঠকে জনসভার জন্য সুসজ্জিত করা হয়েছে। নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। আধুনিক সাউন্ড সিস্টেম ও আলোকসজ্জার পাশাপাশি নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। মাঠের চারপাশ ও মূল সড়কগুলো ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে।
বুধবার (২১ জানুয়ারি) সকালে সরাইল ও আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে। জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারা দফায় দফায় মাঠ পরিদর্শন করছেন। জনসভা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদারকি জোরদার করেছেন।
জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব (শ্যামল) জানান, নেতার আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন। বৃহস্পতিবার দুপুর ৩টার মধ্যে নেতাকর্মীদের মাঠে উপস্থিত থাকতে বলা হয়েছে। তিনি ধারণা করছেন, এই জনসভায় ৫ থেকে ৬ লাখ মানুষের সমাগম ঘটবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন তারেক রহমান। সিলেট থেকে সড়কপথে ঢাকা ফেরার পথে তিনি সরাইলের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics