Tepantor

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে খালেদ হোসেনের ১৯ দফা ইশতেহার: সুশাসনের অঙ্গীকার

22 January, 2026 : 10:23 am

তেপান্তর রিপোর্ট:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল তাঁর ১৯ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এই উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন তাঁর ইশতেহারে একটি ‘সুশাসনভিত্তিক মানবিক ব্রাহ্মণবাড়িয়া’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁর উল্লেখযোগ্য প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে:
* ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন আধুনিকায়ন ও ঢাকা রুটে নতুন কমিউটার ট্রেন চালু।
* সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ।
* শীতকালে গ্যাস সংকট নিরসনে নতুন গ্যাস সংযোগ ও বিকল্প জ্বালানির ব্যবস্থা।
* যুবসমাজের জন্য আইটি পার্ক, জব ফেয়ার এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন।
* মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করা।
* তিতাস নদী খনন ও শহরের খাল পরিষ্কার করে পরিবেশ রক্ষা।

সংবাদ সম্মেলনে খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য।” তিনি ভোটারদের পরিবর্তনের পক্ষে দাঁড়িয়ে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array