Tepantor

ভোটের আগে নারায়ণগঞ্জে অস্ত্র মজুতের ভিডিও ভাইরাল, ‘ডন বজলু’র খোঁজে পুলিশ

22 January, 2026 : 11:06 am

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

নির্বাচনের ঠিক আগে নারায়ণগঞ্জে অবৈধ অস্ত্র কেনা ও মজুত নিয়ে আলোচনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে স্থানীয়ভাবে ‘ডন বজলু’ নামে পরিচিত বজলুর রহমান ও তার সহযোগীদের অস্ত্র নিয়ে গোপন শলাপরামর্শ করতে দেখা গেছে। এ ঘটনায় জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সোনারগাঁয়ের একটি রেস্টুরেন্টে বজলুর রহমান তার অনুসারীদের নিয়ে খাবার খাচ্ছেন। এ সময় তার পাশে থাকা জাকারিয়া নামে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘নির্বাচনের জন্য আমাদের আরও দুটি অস্ত্র দরকার।’ কথোপকথনে সোনারগাঁ এলাকায় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র মজুতের বিষয়টিও উঠে আসে। অভিযুক্ত বজলুর রহমান স্থানীয় প্রভাবশালী নেতা গিয়াসউদ্দিনের সমর্থক হিসেবে পরিচিত।

বজলুর রহমানের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। গত বছরের ২৯ জুন হরিপুর বিদ্যুৎকেন্দ্রের টেন্ডারকে কেন্দ্র করে সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে হেনস্তার ঘটনায় তিনি প্রধান আসামি ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

ঘটনার পর থেকে বজলুর রহমানের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ক্ষুদে বার্তা পাঠিয়েও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ-খ (সার্কেল) এর অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ জানান, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। এটি যাচাই-বাছাই করা হচ্ছে এবং অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে একটি বিশেষ টিম কাজ শুরু করেছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array