Tepantor

পুরান ঢাকায় ইশরাকের হুঁশিয়ারি: ‘ঘোষণা দিলে জামায়াতের কেউই রাস্তায় নামতে পারবে না’

23 January, 2026 : 4:50 pm

তেপান্তর রিপোর্ট:

ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “আমরা যদি ঘোষণা দেই, তবে ঢাকা শহরে কোনো জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না।” শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বংশালের সুরিটোলা স্কুলের সামনে নির্বাচনী গণসংযোগকালে তিনি এই মন্তব্য করেন।

ইশরাক হোসেন বলেন, বিএনপির ১৭ বছরের ত্যাগ ও রাজপথে দেওয়া রক্তের বিনিময়ে আজকের এই পরিবেশ তৈরি হয়েছে। ৫ আগস্টের পর হঠাৎ করে গজিয়ে ওঠা ‘গুপ্ত বাহিনী’র কোনো ভিত্তি নেই। তিনি অভিযোগ করেন, জামায়াত নেতারা তাদের কর্মীদের উজ্জীবিত রাখতে অবাস্তব ও হাস্যকর মন্তব্য করছেন।

তিনি আরও দাবি করেন, জামায়াত নেতারা নিজেরাও জানেন যে ঢাকায় সব আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। তাই কর্মীদের সাহস জোগাতে তারা আস্ফালন করছেন। ইশরাক সতর্ক করে বলেন, “যদি তাদের অন্য কোনো অগণতান্ত্রিক চিন্তাভাবনা থাকে, তবে নির্বাচনের অনেক আগেই আমরা তাদের ঢাকা থেকে বিতাড়িত করে দেবো।” গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array