Tepantor

ইতিহাসের সর্বোচ্চ শিখরে স্বর্ণ ও রুপার দাম: ভরি আড়াই লাখ টাকা ছাড়াল

24 January, 2026 : 9:57 am

তেপান্তর রিপোর্ট:

দেশের ইতিহাসে সব রেকর্ড ভেঙে স্বর্ণ ও রুপার দাম এখন সর্বোচ্চ পর্যায়ে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (২৪ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে এই নতুন মূল্য তালিকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করেছে সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন বিক্রি হচ্ছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায়। গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ভরিতে ৬ হাজার ২৯৯ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। এর আগে ২২ জানুয়ারিও একবার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।

স্বর্ণের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৬ হাজার ৮৮২ টাকায়। শুক্রবার রুপার দাম ভরিতে ৫২৫ টাকা বৃদ্ধি করা হয়েছে।

অন্যান্য মানের স্বর্ণের মধ্যে ২১ ক্যারেট ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকায় বিক্রি হচ্ছে। রুপার ক্ষেত্রে ২১ ক্যারেট ৬ হাজার ৫৩২ টাকা এবং ১৮ ক্যারেট ৫ হাজার ৫৯৯ টাকায় স্থির হয়েছে। বাজুস জানিয়েছে, এই মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি বাধ্যতামূলকভাবে যুক্ত হবে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।