নিজস্ব প্রতিবেদক | রংপুর:
জাতিকে বিভক্তির হাত থেকে রক্ষা করে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সকালে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “৫ আগস্টের পর থেকে আমরা কোনো চাঁদাবাজি, দখলদারি বা ব্যক্তিগত প্রতিশোধ নেইনি। আমাদের নিজস্ব কোনো সংকীর্ণ এজেন্ডা নেই; আমরা চাই বিভক্তির অবসান ঘটিয়ে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে। শহীদ আবু সাঈদরা যেভাবে বুক পেতে দিয়েছিল, আমরাও দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে বুক পেতে দেব, কিন্তু এক ইঞ্চি জমিও কারো কাছে বন্ধক রাখব না।”
আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ১০টি দল একত্রিত হয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ৩০০ আসনে প্রার্থী দিয়েছে। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, “ভোটের সঠিক প্রতিফলন ঘটাতে এবং কেউ যেন জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য যুবকদের অতন্দ্র পাহারাদার হতে হবে।”
জিয়ারতকালে আবু সাঈদের বাবা মকবুল হোসেন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে পীরগঞ্জ থেকে গাইবান্ধা, সিরাজগঞ্জ ও পাবনায় নির্বাচনী জনসভা শেষ করে আজ রাতেই তার ঢাকা ফেরার কথা রয়েছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics