Tepantor

ভাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে চালক ও সহকারী নিহত, আহত ৩০

24 January, 2026 : 5:54 pm

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

নিহতরা হলেন—ট্রাকচালক রাশেদ শেখ (২৮) এবং তার সহকারী (হেলপার) নবীন শেখ (২২)। তাদের দুজনের বাড়ি ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় এলাকায় বলে নিশ্চিত করেছে পুলিশ।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফরিদপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ইটবোঝাই ট্রাকের প্রচণ্ড সংঘর্ষ হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দুর্ঘটনার পর মহাসড়কের দুপাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলে দুপুর নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে ২৪ জনকে ভর্তি করা হয়। এদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করা হবে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array