Tepantor

‘আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে, শিয়াল যেন চুরি না করে’: রুমিন ফারহানা

25 January, 2026 : 8:18 am

তেপান্তর রিপোর্ট:

নির্বাচনি ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘১৫ বছর হালচাষ করলাম, বীজ দিলাম, ধান লাগালাম। এখন ফসল কাটার সময় কোনো মরুভূমি আসতে দেব না। আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে।’ শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নিজের নির্বাচনি প্রতীক ‘হাঁস’ নিয়ে রূপক ধর্মী বক্তব্য দিয়ে ভোটারদের নজর কাড়েন বিএনপির সাবেক এই নেত্রী। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ‘আমার একটা হাঁসও যেন কোনো শিয়াল চুরি করতে না পারে। গুনে গুনে হাঁস আপনারা খোয়ারে তুলবেন।’ ১২ ফেব্রুয়ারি ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র আঁকড়ে থাকার জন্য তিনি সমর্থকদের নির্দেশ দেন।

রুমিন ফারহানা তার প্রতীককে ‘জনতার প্রতীক’ হিসেবে আখ্যায়িত করে বলেন, এটি কোনো বিশেষ গোষ্ঠী বা দলের নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে একা লড়াই করার প্রতীক। তিনি দাবি করেন, সংসদে ৩০০ এমপির বিরুদ্ধে লড়াই করার সাহস এই প্রতীকই জোগাবে।

এলাকাবাসীকে ভোটের ‘হেফাজতকারী’ উল্লেখ করে তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে আগামী পাঁচ বছর সরাইল ও আশুগঞ্জ উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবেন। বহিষ্কৃত এই বিএনপি নেত্রীর পথসভাকে কেন্দ্র করে শাহবাজপুর এলাকায় স্থানীয় ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array