Tepantor

সরাইলে ৩ ইটভাটায় যৌথ বাহিনীর অভিযান: ২১ লাখ টাকা জরিমানা

27 January, 2026 : 12:11 am

তেপান্তর রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটাকে মোট ২১ লাখ টাকা জরিমানা করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলার শাহবাজপুর ও গলানিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— শাহবাজপুর এলাকার মেসার্স শিরিন ব্রিকস, মেসার্স লিজা ব্রিকস এবং গলানিয়া এলাকার মেসার্স সিয়াম ব্রিকস। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা করে জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, কৃষি জমির ক্ষতিসাধন এবং খাল-বিল ও হাওর থেকে অবৈধভাবে মাটি কাটার মাধ্যমে পরিবেশের ভারসাম্য নষ্ট করার অভিযোগে এই দণ্ড দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে র‍্যাব-৯-এর স্কোয়াড কমান্ডার এএসপি মো. আলমগীর হুসাইন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার পরিদর্শক মো. রাখিবুল হাসান জানান, পরিবেশ রক্ষায় এবং জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array