Tepantor

ভোটের আগে ‘অস্বাভাবিক’ ভোটার মাইগ্রেশন নিয়ে সিইসির কাছে বিএনপির নালিশ

1 February, 2026 : 5:59 pm

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন আসনে ‘অস্বাভাবিক’ ভোটার স্থানান্তর বা মাইগ্রেশন এবং ধর্মীয় অনুভূতি ব্যবহার করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে বিএনপি। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক বৈঠকে দলটির পক্ষ থেকে এসব উদ্বেগ জানানো হয়।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, গত এক-দেড় বছরের মধ্যে বিশেষ কিছু এলাকায় বিপুল সংখ্যক নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অত্যন্ত রহস্যজনক। ইসির পক্ষ থেকে জানানো হয়েছে কোনো আসনেই স্থানান্তর ২-৩ হাজারের বেশি নয়, তবে বিএনপি এই তথ্যে সন্তুষ্ট হতে পারেনি। একটি হোল্ডিং নাম্বারে ধারণক্ষমতার চেয়ে বহুগুণ বেশি ভোটার নিবন্ধনের ঘটনা তদন্ত করে আসনভিত্তিক সঠিক তথ্য প্রকাশের দাবি জানিয়েছে দলটি।

নির্বাচনি প্রচারণায় ধর্মীয় আবেগের অপব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করে নজরুল ইসলাম খান বলেন, কোনো কোনো এলাকায় কবরের সওয়াল-জওয়াব নিয়ে হাস্যকর ও বিভ্রান্তিকর কথা বলে একটি বিশেষ প্রতীকে ভোট চাওয়া হচ্ছে। মানুষের ধর্মীয় বিশ্বাস নিয়ে এমন খেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়া নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে বহিরাগতদের নির্বাচনি এলাকা ছাড়ার বিষয়ে কঠোর নির্দেশনার দাবি জানায় বিএনপি।

নির্বাচন পরিচালনায় বিএনসিসি ক্যাডেটদের যুক্ত করার আলোচনার বিষয়েও আপত্তি জানিয়েছে বিএনপি। দলটির মতে, ছাত্রদের এমন রাজনৈতিক ও স্পর্শকাতর প্রক্রিয়ায় যুক্ত করলে তারা এবং তাদের প্রতিষ্ঠান বিতর্কিত হতে পারে। এছাড়া ৮১টি সংস্থার ৫৫ হাজার পর্যবেক্ষককে অনুমোদনের ক্ষেত্রে ইসিকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে বিএনপি বলেছে, সক্ষমতা নেই এমন অপরিচিত প্রতিষ্ঠানকে পর্যবেক্ষণের সুযোগ দেওয়া নির্বাচনি কার্যক্রমকে ব্যাহত করতে পারে।

বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া উপস্থিত ছিলেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array