তেপান্তর রিপোর্ট:
গাজীপুরে নারী হত্যা ও দেশজুড়ে নারী নিপীড়নের অভিযোগ তুলে বিএনপির রাজনীতির কড়া সমালোচনা করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত এক বিক্ষোভ মিছিলে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তারেক রহমান আপনি মজলুম ছিলেন, জালিম হয়ে উঠবেন না।’
বিক্ষোভ সমাবেশে সাদিক কায়েম অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দলের নেতা দেশে ফেরার পর থেকেই তাদের নেতাকর্মীরা ‘লাগামহীন’ হয়ে পড়েছে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া নতুন সম্ভাবনাকে নস্যাৎ করতে চাঁদাবাজি, ধর্ষণ ও মামলাতন্ত্রের মাধ্যমে দেশে ‘মাফিয়াতন্ত্র’ প্রতিষ্ঠার চেষ্টা চলছে। গাজীপুরে ছাত্রদলের বিরুদ্ধে ওঠা নারী হত্যার অভিযোগ এবং শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
নির্বাচন কমিশনের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে ডাকসু ভিপি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগেই ওই দল মানসিকভাবে পরাজিত হয়েছে। তারা গণতন্ত্র নয়, বরং মাফিয়াতন্ত্র কায়েম করতে চায়। ভবিষ্যতে কোনো মা-বোনের ওপর হামলা হলে দেশের ১৮ কোটি মানুষকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন তিনি।
সমাবেশে জকসু ভিপি রিয়াজুল ইসলামসহ শিবির নেতারা অংশ নেন। তারা দাবি করেন, ছাত্রসংসদ নির্বাচনগুলোতে ধারাবাহিক পরাজয়ের ফলে বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে। ৬ কোটি নারী ভোটার বিএনপিকে বয়কট করেছে বলেও তারা দাবি করেন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics