তেপান্তর রিপোর্ট:
আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কেন্দ্র দখলের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাহাব উদ্দিন মিলনায়তনে বিভাগীয় আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা শেষে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এবার যদি কোথাও কেন্দ্র দখল হয়, তবে অপরাধী কেউ রেহাই পাবে না। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকছে, পুলিশকে ২৫ হাজার ৭০০টি বডি ক্যামেরা দেওয়া হচ্ছে এবং আকাশপথে ড্রোন নজরদারি চালানো হবে। অপরাধী যে-ই হোক, তার ছবি রেকর্ড হয়ে থাকবে। তাৎক্ষণিক ধরা না পড়লেও ছয় মাস পর হলেও তাকে আইনের আওতায় আসতে হবে।”
শেরপুরের ঝিনাইগাতীর সাম্প্রতিক সংঘাতের ঘটনাকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে তিনি জানান, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে নিরাপত্তা জোরদার করা হয়েছে। লুট হওয়া অস্ত্রের উদ্ধার অভিযান চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি বেশ প্রশংসনীয় এবং তারা জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবে।
নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের ভূমিকা ও নিরাপত্তা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “সাংবাদিকদের পোলিং সেন্টারে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তাদের ওপর হামলার কোনো আশঙ্কা নেই। ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া হবে না।”
সভায় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, রেঞ্জ ডিআইজি মো. আতাউল কিবরিয়া, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমানসহ সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics