তেপান্তর রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়া শহরের হালদারপাড়া এলাকায় মেয়াদোত্তীর্ণ উপকরণ দিয়ে খাদ্য তৈরির দায়ে ‘সুইট গ্রিন’ নামক একটি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিশেষ টাস্কফোর্সের এক অভিযানে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে সহায়তা করেন জেলা কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক এস এম শাহীন এবং ০৫ আনসার ব্যাটলিয়নের একটি দল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, তদারকি চলাকালে দেখা যায় সুইট গ্রিন রেস্টুরেন্টে গত ২৯ জানুয়ারি মেয়াদ শেষ হয়ে যাওয়া বন (Bun) দিয়ে স্যান্ডউইচ প্রস্তুত করা হচ্ছে। মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের বিষয়টি হাতেনাতে ধরা পড়লে রেস্টুরেন্ট পরিচালক নিজের অপরাধ স্বীকার করে নেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরির অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এক বিজ্ঞপ্তিতে জানান, জনস্বার্থে খাদ্য পণ্যের মান নিয়ন্ত্রণে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics