তেপান্তর রিপোর্ট:
ঢাকা-৮ আসনের নির্বাচনী লড়াইয়ে ভিন্নধর্মী এক অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন ন্যাশনালিস্ট সিভিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণকালে তিনি বলেন, “দোয়া করবেন যাতে সংসদে গিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি। স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে পুরো বাংলাদেশ থেকে মাদক উচ্ছেদ করব এবং সন্ত্রাসীদের হাত-পা গুঁড়া করে আইনের আওতায় আনব।”
নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি স্থানীয় মাদক সিন্ডিকেটের নেতাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন। নাসীরুদ্দীন বলেন, “ঢাকা-৮ আসনের মাদক সম্রাটদের বলব—কর্মীদের হাতে অস্ত্র ও মাদক তুলে দেবেন না। সেই কর্মী মাদকাসক্ত হয়ে একদিন আপনার ওপরেই আঘাত হানবে।”
নির্বাচনী মাঠে সংঘাতের আশঙ্কার কথা উল্লেখ করে এনসিপি প্রার্থী দাবি করেন, তার কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। এর আগে হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে প্রচারণার সময় নিজের ওপর ডিম নিক্ষেপের ঘটনার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “হাবিবুল্লাহ বাহারে মাইর খেয়ে আসছি, এবার মাইর দিব। বারবার মাইর খেতে থাকলে তো মারাই যাব। এবার আক্রান্ত হলে পাল্টা উত্তম-মধ্যম দেওয়া হবে।”
আগামী ১২ ফেব্রুয়ারির ভোটকে মাদক ও অস্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সুযোগ হিসেবে বর্ণনা করে তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানান। তিনি আরও যোগ করেন, “যথেষ্ট সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, আমরা আর সহ্য করব না।”
নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনী প্রচারণার শুরু থেকেই ‘মাদকমুক্ত বাংলাদেশ’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে আলোচিত হচ্ছেন। এর আগে তিনি এক সমাবেশে মাদক সেবনের চেয়ে বুড়িগঙ্গার পানি খাওয়া শ্রেয় বলে মন্তব্য করেছিলেন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics