তেপান্তর রিপোর্ট:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এলিট ফোর্সটির নতুন নাম রাখা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এই ঐতিহাসিক পরিবর্তনের ঘোষণা দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই নাম পরিবর্তনের প্রস্তাবে সম্মতি দিয়েছেন। আজ থেকেই সংস্থাটি নতুন নামে পরিচিতি পাবে। তবে দাপ্তরিক আদেশ জারির পর পূর্ণাঙ্গভাবে এর কার্যক্রম শুরু হবে। নামের পাশাপাশি বিশেষায়িত এই বাহিনীর পোশাকেও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। নতুন পোশাক তৈরির কাজ ইতিপূর্বেই শুরু হয়েছে; আগামী সপ্তাহ থেকেই এসআইএফ সদস্যদের নতুন ইউনিফর্মে দেখা যেতে পারে।
পরিবর্তনের প্রেক্ষাপট ব্যাখ্যা করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “গত দেড় বছরে এই বাহিনীর কাজের ধরনে ইতিবাচক পরিবর্তন এসেছে। জনমানুষের আকাঙ্ক্ষা ও বাহিনীর ভাবমূর্তি সংস্কারের লক্ষ্যেই এই নতুন নামকরণ।” একই ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি মন্তব্য করেন যে, ‘র্যাব’ নামটির সঙ্গে অতীতে অনেক নেতিবাচক ধারণা জড়িয়ে গিয়েছিল, যা নিরসন করা জরুরি ছিল।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর হবে। এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। পুলিশের মনোবল ও কর্মক্ষমতা এখন অনেক বেড়েছে, ফলে নির্বাচনী নিরাপত্তা বজায় রাখতে কোনো অসুবিধা হবে না।”
উল্লেখ্য, ২০০৪ সালে গঠিত হওয়ার পর থেকে র্যাব দেশের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বিভিন্ন সময়ে বিতর্ক ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সমালোচিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই এই বাহিনীর আমূল সংস্কারের দাবি জোরালো হয়ে উঠেছিল।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics