Tepantor

ভোটের লড়াইয়ে বিএনপির গলার কাঁটা ৯২ বিদ্রোহী, ‘ফ্যাক্টর’ হতে পারেন স্বতন্ত্র প্রার্থীরা

4 February, 2026 : 8:24 am

তেপান্তর রিপোর্ট:

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় দলগুলোর দলীয় প্রার্থীর জয়ের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা। বিশেষ করে প্রধান রাজনৈতিক দল বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীদের বিপরীতে দলেরই ৭৯টি আসনে ৯২ জন বিদ্রোহী প্রার্থী এখনো নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এসব নেতাদের ইতোমধ্যে বহিষ্কার করা হলেও মাঠ পর্যায়ের জনপ্রিয়তায় তারা মূল প্রার্থীদের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঢাকা-১২ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন প্রভাবশালী নেতা সাইফুল আলম নীরব। এখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকও প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশ্লেষকদের মতে, বিএনপি ও বামপন্থী ভোটের এই ত্রিভুজ বিভাজনে সুবিধাজনক অবস্থানে যেতে পারেন জামায়াত মনোনীত প্রার্থী।

একই চিত্র দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে, যেখানে বিএনপির রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হয়ে জোটের মনোনীত প্রার্থী জোনায়েদ আল হাবিবের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন মুখোমুখি হচ্ছেন গণঅধিকার পরিষদের নুরুল হক নূরের। এছাড়া ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ফুটবল’ প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন ডা. তাসনিম জারা, যা ওই আসনের ভোট সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

ময়মনসিংহ-১ আসনে দলীয় প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের বিরুদ্ধে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল। এছাড়া কিশোরগঞ্জ-৫ ও টাঙ্গাইল-৪ আসনেও বিদ্রোহী প্রার্থীদের পক্ষে প্রচারণায় নামায় তৃণমূলের বহু নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এসব স্বতন্ত্র প্রার্থী সরাসরি বিজয়ী হতে না পারলেও বিএনপির ভোট ব্যাংক ভাগ করে দেওয়ার ক্ষমতা রাখেন। ফলে অনেক আসনেই জামায়াতে ইসলামী বা অন্যান্য শরিক দলগুলোর প্রার্থীরা অপ্রত্যাশিত জয়ের সুযোগ পেতে পারেন। বিদ্রোহীদের বাগে আনতে না পারা শেষ পর্যন্ত ধানের শীষের জন্য নির্বাচনী বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায় কি না, তা নিয়ে এখন রাজনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array