তেপান্তর রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী ক্ষমতা হস্তান্তর নিয়ে সব ধরনের ধোঁয়াশা স্পষ্ট করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচনের পর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ শেষে আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর করা হবে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। নির্বাচনের পরও সরকার আরও ১৮০ দিন ক্ষমতায় থাকছে—এমন গুঞ্জনকে ‘অপপ্রচার’ হিসেবে অভিহিত করে প্রেস সচিব বলেন, “১৮০ দিন ক্ষমতা ধরে রাখার কোনো সুযোগ নেই। আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব জনগণের আমানত নির্বাচিত সরকারের কাছে বুঝিয়ে দেওয়া।”
বিগত ১৮ মাসের কার্যক্রমের খতিয়ান তুলে ধরে শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং ১১৬টি অধ্যাদেশ জারি করেছে। তিনি দাবি করেন, এবারের নির্বাচনের পরিবেশ বিগত ২০১৪, ২০১৮ বা ২০২৪ সালের তুলনায় অনেক বেশি শান্তিপূর্ণ ও উৎসবমুখর।
জনস্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য সিদ্ধান্তের বিষয়ে প্রেস সচিব জানান, ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে এলপি গ্যাসের ওপর আরোপিত ভ্যাট ও আগাম কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি অফিসের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। রমজানে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics