Tepantor

নাসিরনগরে খাস জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত ১০

7 February, 2026 : 8:10 am

তেপান্তর রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস জমির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বশির মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের লম্বা হাটি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত বশির মিয়া ওই গ্রামের হিলাল উদ্দিনের ছেলে। সংঘর্ষে নারী ও শিশুসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাগালিয়া গ্রামের লম্বা হাটি এলাকায় একটি সরকারি খাস জমির মালিকানা ও দখল নিয়ে স্থানীয় আলমগীর মিয়া ও বশির মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি আলমগীর ওই জমি নিজের দাবি করে সীমানা নির্ধারণের কাজ শুরু করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে শুক্রবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বশির মিয়া গুরুতর আহত হলে তাকে দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array