তেপান্তর রিপোর্ট:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভুয়া ভোট রোধ ও স্বচ্ছতা নিশ্চিত করতে নারী ভোটারদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে কঠোর অবস্থান নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট দেওয়ার আগে পরিচয় নিশ্চিত করতে নেকাবধারী বা পর্দানশিন নারীদের অবশ্যই ছবিসহ ভোটার তালিকার সঙ্গে মুখ মিলিয়ে দেখাতে হবে। তবে ধর্মীয় সংবেদনশীলতা রক্ষায় পুরুষ কর্মকর্তার পরিবর্তে নারী কর্মকর্তার মাধ্যমে এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার ব্যালট পেপারে ভোট হওয়ায় আঙুলের ছাপ মিলিয়ে পরিচয় শনাক্তের সুযোগ নেই। ফলে ভোটারের চেহারার সঙ্গে তালিকার ছবির মিল দেখা বাধ্যতামূলক। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আইন অনুযায়ী ভোটারের পরিচয় নিশ্চিত না হয়ে ব্যালট পেপার দেওয়ার সুযোগ নেই। তবে পর্দানশিন নারীদের ব্যক্তিগত গোপনীয়তা ও ধর্মীয় বিধানের প্রতি সম্মান রেখে প্রতিটি কেন্দ্রে মহিলা পোলিং অফিসার ও নারী আনসার সদস্য নিয়োগ করা হবে।
ইসি সংশ্লিষ্টরা জানান, কোনো নারী ভোটার যদি পুরুষ কর্মকর্তার সামনে নেকাব খুলতে অনিচ্ছুক হন, তবে তাকে মহিলা কর্মকর্তার কাছে মুখ দেখিয়ে পরিচয় নিশ্চিত করতে হবে। এরপরও যদি কেউ মুখ দেখাতে অস্বীকৃতি জানান, তবে তাকে ব্যালট পেপার দেওয়া হবে না। এক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ না থাকলেও তিনি তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।
বিষয়টি নিয়ে ইসলামি চিন্তাবিদদের পক্ষ থেকেও ইতিবাচক ব্যাখ্যা পাওয়া গেছে। মুফতি সাখাওয়াত হোসাইন রাজী জানান, পরিচয় নিশ্চিতের প্রয়োজনে মুখ দেখানো ইসলামি শরিয়তে বৈধ। তবে যেখানে বিকল্প হিসেবে নারী কর্মকর্তার ব্যবস্থা রয়েছে, সেখানেই যাচাই করা উত্তম। যদি কোনো কেন্দ্রে নারী কর্মকর্তা না থাকেন এবং কোনো নারী মুখ দেখাতে না চান, তবে তার জন্য ভোট দেওয়া বাধ্যতামূলক নয়।
আইন বিশেষজ্ঞরা বলছেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ভোটারের পরিচয় নিশ্চিত করা প্রিজাইডিং কর্মকর্তার আইনি দায়িত্ব। ধর্মীয় অনুভূতিতে আঘাত না দিয়ে বিকল্প উপায়ে পরিচয় শনাক্তের এই ব্যবস্থা নির্বাচনকে আরও গ্রহণযোগ্য ও জালিয়াতিমুক্ত করবে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics