Tepantor

ভোটকেন্দ্রের তথ্য মিলবে হাতের মুঠোয়, ইসি’র বিশেষ অ্যাপ চালু

10 February, 2026 : 11:48 am

তেপান্তর রিপোর্ট:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের সুবিধার্থে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ (Smart Election Management BD) নামে একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কমিশন সূত্রে জানা গেছে, এই অ্যাপের মাধ্যমে ভোটাররা ঘরে বসেই তাদের নির্ধারিত ভোটকেন্দ্রের নাম, ঠিকানা ও অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারবেন।

ইসি সচিবালয় জানায়, গুগল প্লে-স্টোর ও অ্যাপল অ্যাপ-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে। এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগ-ইন করলেই ভোটাররা তাদের ভোট দেওয়ার সিরিয়াল নম্বর, কেন্দ্রের ছবি এবং নিজ অবস্থান থেকে কেন্দ্রের দূরত্বসহ ম্যাপ লোকেশন দেখতে পাবেন। বিশেষ করে বড় শহরগুলোর ভোটার এবং নতুন ভোটারদের কেন্দ্র খুঁজে পাওয়ার বিড়ম্বনা এড়াতেই এই ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে।

ভোটকেন্দ্রের তথ্যের পাশাপাশি এই প্ল্যাটফর্মে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রোফাইল, প্রার্থীদের হলফনামা এবং নির্বাচনি প্রচারণার নির্দেশিকাও যুক্ত করা হয়েছে। এছাড়া ভোটের দিন নিয়মিত বিরতিতে ভোট পড়ার হার এবং নির্বাচনের ফলাফলও এই অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশজুড়ে সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অ্যাপ ছাড়াও হটলাইন নম্বর ১০৫ এবং ৩৩৩-এ কল করে অথবা এসএমএস-এর মাধ্যমেও ভোটাররা তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array