তেপান্তর রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আতাউর রহমান সরকারের গাড়িতে হামলা ও তাকে দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এই ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে প্রার্থী আতাউর রহমান অভিযোগ করেন, অসুস্থ এক এজেন্টকে দেখতে তোলাতালা গ্রামে গেলে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তার গাড়ি এবং প্রতিনিধিদের চারপাশ থেকে ঘেরাও করে। এসময় তার গাড়িচালককে মারধর করা হয় এবং তাকে ও তার সফরসঙ্গীদের অশালীন ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করা হয় বলে তিনি জানান। প্রায় ৪৫ মিনিট অবরুদ্ধ থাকার পর ৯৯৯-এ কল এবং জেলা রিটার্নিং কর্মকর্তার হস্তক্ষেপে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনায় ধরখার ইউনিয়ন যুবদলের সভাপতি বশির মিয়াসহ স্থানীয় বেশ কয়েকজন বিএনপি কর্মীর নাম উল্লেখ করে অভিযোগ করেছেন জামায়াত প্রার্থী। তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি এখনও অবগত নন এবং খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, প্রচারণার অভিযোগ তুলে বিএনপির নেতাকর্মীরা গাড়িটি আটকে রেখেছিল। ম্যাজিস্ট্রেট ও পুলিশ যাওয়ার খবর পেয়ে তারা সরে যায়। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেনি।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics