তেপান্তর রিপোর্ট:
আগামীকালকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে ছোট-বড় যান চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত ১২টা থেকে সারা দেশে সব ধরনের মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাত পর্যন্ত মোট ৭২ ঘণ্টা বহাল থাকবে।
মোটরসাইকেলের পাশাপাশি আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত থেকে ভোটের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপরও ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা কার্যকর হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে বিআরটিএ সংস্থাপন শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহনগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, হাসপাতাল ও চিকিৎসাসেবা, সংবাদপত্র, ফায়ার সার্ভিস এবং টেলিযোগাযোগ খাতের যানবাহন স্বাভাবিকভাবে চলতে পারবে। এছাড়া বিদেশগামী ও বিদেশফেরত যাত্রীদের ক্ষেত্রে টিকিট প্রদর্শন সাপেক্ষে বিমানবন্দর যাতায়াতের যানবাহন চলাচলেও বাধা নেই।
নির্বাচনী কর্মকাণ্ডে নিয়োজিত কর্মকর্তা, অনুমোদিত সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য নির্বাচন কমিশনের স্টিকার ব্যবহার সাপেক্ষে যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। আন্তঃজেলা ও জাতীয় মহাসড়কগুলো এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ কমিশনারদের বিশেষ ক্ষমতা অর্পণ করেছে সরকার।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics