Tepantor

ব্রাহ্মণবাড়িয়ায় পেট্রোল পাম্পের তেলে শুভঙ্করের ফাকি

22 January, 2020 : 3:37 pm

তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া সদরের ঘাটুরার জিল্লুর রহমান ফিলিং স্টেশনে কাস্টমারের গাড়ীতে অসৎ উপায়ে তেল কম দেওয়ার অভিযোগ উঠেছে। একটি মোটর সাইকেল যার ফুয়েল ট্যাঙ্কি ১২ লিটারেই ভরে যায় সেখানে ট্যাঙ্কিতে দেড় লিটার তেল থাকার পরও ১৪ লিটার কিভাবে ঢুকানো হলো এই নিয়ে প্রশ্ন উঠেছে।
গত মঙ্গলবার (২১ জানুয়ারি) নাজমুল নামে এক ব্যাক্তি “উইশ ফর বেটার ব্রাহ্মণবাড়িয়া” নামে একটি ফেইসবুক গ্রুপে এই অভিযোগ করে স্ট্যাটাস লিখেন। তিনি লিখেন, ব্রাহ্মণবাড়িয়া পেট্রোল পাম্পগুলির ডাকাতির সাক্ষ হলাম নিজেই। ব্রাহ্মণবাড়িয়ার মের্সাস জিল্লুর রহমান পেট্রোল পাম্প ঘাটুরা, এখানে তারা কিভাবে মানুষকে ঠকায় তার প্রমাণ আমি নিজে। আমার নিজ মোটর সাইকেল Fz এফ আই ভার্সন ২ যার ফোয়েল ক্যাপাসিটি ১২ লিটার। আমার গাড়িতে তেল এর পরিমান ছিল প্রায় ১.৫ লিটার আমি যখন তেল নিতে যাই আমার গাড়ির টাংকি ফুল করে দেয় এবং আমাকে ক্যাশ মেমোতে দেখাচ্ছে ১৩.৯১ (প্রায় ১৪ লিটার) লিটার তেল তারা দিয়েছে। এখন কথা হল আমার গাড়ির পূর্বের তেল ১.৫ লিটার আর পাম্প থেকে ১৩.৯১ লিটার যা মোট প্রায় ১৫.৫ লিটার এ দাড়ায়। এখন আমার প্রশ্ন যেখানে আমার গাড়িতে সর্বোচ্চ ১২ লিটার তেল ধারণ করতে পারে সেখানে ১৫.৫ লিটার কি করে ধারণ করলো।

এবিষয়ে জিল্লুর রহমান ফিলিং স্টেশনের ম্যানেজার মোঃ ইব্রাহিম তেপান্তরকে বলেন, আমাদের এখানে মেশিন দিয়ে গাড়ীতে তেল দেওয়ার ব্যাপারটি মূলত বিএসটিআই ঠিক করে দেয়। কোন কাস্টমারের অভিযোগ থাকলে আমরা সেই অভিযোগ বিএসটিআই কে জানাবো। বিএসটিআই বিষয়টি দেখবেন। তিনি জানান, গত ৫ জানিয়ারি বিএসটিআই আমাদের পাম্প পর্যবেক্ষণ করেছেন। তখন কোন ত্রুটি পাওয়া যায়নি। কিন্তু মেশিনে গোপনে নিজস্ব ভাবেও তেল পরিমাপের সেটিং পরিবর্তন করা যায়,এমন প্রশ্নের জবাবে ইব্রাহিম বলেন, আমাদের এখানে এই সিস্টেম নেই।
তবে কিভাবে ১২ লিটার ট্যাঙ্কে দেড় লিটার থাকা সত্বেও ১৪ লিটার ঢুকলো এবং এই পেট্রোল পাম্প কর্তৃপক্ষের কোন ভুল আছে কিনা এমন প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এবিষয়ে শহরের মেড্ডা এলাকার বাবু নামে এক ব্যাক্তি আক্ষেপ করে বলেন, জেলার প্রায় প্রতিটি পেট্রোল পাম্পেই এমন দূর্নীতি হচ্ছে। এবিষয়ে প্রশাসনের পর্যাপ্ত নজরদারি না থাকায় ও কিছু অসৎ কর্মকর্তার যোগসাজশে নির্বিঘ্নে তারা এই লোক ঠকানোর অপকর্ম চালিয়ে যাচ্ছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array