Tepantor

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

18 October, 2019 : 8:03 pm

জহির রায়হান : ব্রাহ্মণবাড়িয়ায় পণ্যের বস্তায় লেভেলের গায়ে মূল্য নির্ধারণ না করা ও মেয়াদ না থাকায় এবং নোংরা ও অপরিচ্ছন্নভাবে প্রক্রিয়া করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে অর্থ জরিমানা করা হয়েছে।

আজ শুক্রবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য’র নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া শহরের টানবাজারে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এ সময় মোবাইল কোর্ট পরিচালনাকালে শহরের টান বাজারে দুটি মসলা মিলে নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় মসলা ফেলে রাখা এবং প্রক্রিয়াকরণের অপরাধে প্রতিষ্ঠানের মালিকদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫ হাজার করে দুইজনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও একটি ডালের মিলে ডালের বস্তায় লেবেলের গায়ে মূল্য নির্ধারিত করে না দেওয়ায় এবং মেয়াদ উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ভবিষ্যতের জন্য তাদেরকে সতর্ক করা হয়।

এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সদর স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো: সফিউর রহমান, পেশকার হিসেবে ছিলেন গোলাম কিবরিয়া এবং সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array