Tepantor

নবীনগরে নৌকা ডুবে স্বামী ও স্ত্রীর মৃত্যু, শিশু সন্তান এখনো নিখোঁজ

23 August, 2021 : 7:18 pm

 আশরাফুল মামুন: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে স্পীড বোটের গতির ফলে তৈরি হওয়া  ঢেউয়ের ধাক্কায় নৌকা ডুবে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। এসময় তাদের ৮ বছরের কন্যা সন্তান নিখোঁজ হয়েছে । সোমবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে নবীনগর উপজেলার উরখুলিয়া ও ভৈরবনগর গ্রামের মাঝামাঝি স্থানে তিতাস নদীতে  এই মর্মান্তিক নৌ দুর্ঘটনা ঘটে।

পানিতে ডুবে যাদের মৃত্যু হয়েছে তারা হলেন- নবীনগর উপজেলার কাইতলা গ্রামের দুলাল মিয়ার ছেলে মোঃ রিয়াদ (৩৫) ও তার স্ত্রী মোছাঃ লিজা আক্তার (৩০)। দুর্ঘটনায় তাদের সন্তান মারিয়া (৮) নিখোঁজ রয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত শিশু মারিয়ার মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছিল। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে নদীতে ঢেউ ও স্রোতের কারণে শিশুটি উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। তাছাড়া সন্ধ্যায় অন্ধকার হয়ে এসেছে। মোঃ রিয়াদ পরিবার নিয়ে সিলেটে বসবাস করতেন। ঘটনার দিন তারা নৌকা নিয়ে ঘুরতে বেড়িয়েছেন বলে জানা গেছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এবিষয়ে জানতে চাইলে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক সাংবাদিকদের জানান, রিয়াদ তার পরিবার নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। দুপুরে স্ত্রী-সন্তানকে নিয়ে নৌকায় করে ঘুরতে বের হন। এ সময় নদীতে স্পিডবোট যাওয়ায় বড় ঢেউ সৃষ্টি হলে নৌকা ডুবে যায়। পরে নদী থেকে রিয়াদ ও তার স্ত্রী লিজার মরদেহ উদ্ধার করা হয়। শিশু মারিয়াকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে বলে জানান তিনি।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array