Tepantor

ব্রাহ্মণবাড়িয়া পিডিবি’তে কৌশলী দূর্নীতি -পর্ব ১

9 November, 2025 : 12:51 pm
ছবিতে: উপরে বামে সহকারী প্রকৌশলী মাসুদ রানা, ডানে উপ-সহকারী প্রকৌশলী তাপস মজুমদার ও নিচে লাইনম্যান আরিফ।

সীমান্ত খোকন:
ব্রাহ্মণবাড়িয়ায় বিদুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)’র বিরুদ্ধে সীমাহীন দূর্নীতির অভিযোগ উঠেছে। সদরের বিতরণ বিভাগ-১ ও বিতরণ বিভাগ-২ এর অফিসের একাধিক কর্মকর্তা ও কর্মচারীরা যেন বেপরোয়া হয়ে উঠেছেন। অভিযোগ গুলোর মধ্যে রয়েছে মাসোহারার বিনিময়ে ব্যাটারি চালিত অটোরিক্সার গ্যারেজে অবৈধ লাইনের সুবিধা দিয়ে রাখা, ফলে রাজস্ব হারাচ্ছে সরকার, পকেট ভারী করছেন কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী। বর্তমানে প্রিপেইড মিটার লাগানোর নিয়ম থাকলেও পোস্টপেইড মিটার লাগিয়ে দেওয়া, ব্যবসায়িক প্রতিষ্ঠানে আবাসিক মিটার লাগানো, শহরের বহুতল ভবনে এসটি লাইন না লাগিয়ে সাধারণ লাইন লাগানো, স্ত্রীর চাকরি স্বামী করা, ২০১৪ সালে নিয়োগ পেলেও এখনো পর্যন্ত এক দিন অফিস না করা, কাজ না করেও ওভারটাইম খরচ নেওয়া, ১০ বছর ধরে স্টোর কিপার পদ খালি থাকার সুবাধে ঘন ঘন চুরি সংঘঠিত হওয়া, একের পর এক চুরির ঘটনা ঘটলেও অফিস ব্যবস্থা নিতে দেয়না বা অফিসের ভয়ে কেউ থানায় না যাওয়া, লাইনম্যান হয়েও সাইকেলে করে বস্তা দিয়ে মিটার নিয়ে গ্রাহকের পুড়নো মিটার ফেলে দিয়ে নতুন মিটার লাগিয়ে দেওয়া, অফিসে তৃতীয় শ্রেণীর কর্মচারির বেআইনি প্রভাব, এমনকি কর্মচারী না হয়েও রুমে বসে অফিস করা, এক ঘন্টায় মিটার লাগিয়ে দেওয়া, ওয়াপদা’র গেইটের ভিতরে হরিজন সম্প্রদায়ের লোকজনকে ঘর বানিয়ে থাকতে দেওয়া এবং তাদের দিয়ে মাদক ব্যবসা করানো, ওয়াপদার ভিরতে বাইরের বিল্ডিংয়ের নির্মান কাজের সামগ্রী রাখা এবং সর্বশেষ একজনের কাছে বিদুৎ বিল বকেয়া থাকলে সেটিকে উদ্ধার করে দেওয়ার জন্য দেনাদার ব্যক্তির সাথে সু-সম্পর্ক আছে এমন আরেক ব্যক্তির মিটার লক করে দেওয়ার ঘটনাও ঘটছে।

পিডিবি’র অনিয়ম দূর্নীতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। এই পর্বে জানানো হবে, বিতরণ বিভাগ-২ (ঘাটুরা) কিভাবে একজন গ্রাহকের কাছে মিটারের ডিমান্ড চার্জ ১০ হাজার টাকা বকেয়া থাকায় ওই গ্রাহকের এক বন্ধুকে বেআইনি ভাবে হয়রানি ও হুমকি-ধামকি দিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকায় ইমরান মাহমুদ বাপ্পি ও বাবু নামে দুই ব্যক্তি দোকান দিয়েছেন। এক পর্যায়ে তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। এক বছর ধরে তাদের দোকান বন্ধ। সম্প্রতি বিদুৎ অফিসের লাইনম্যান আরিফুল ইসলাম তাদের জানান, কোনো ভাবে বিদুৎ খরচ না করেও কথিত ডিমান্ড চার্জ আসে ১০ হাজার টাকা। মিটার রেজিস্ট্রেশন করা ইমরান নামক ওই ব্যবসায়ীর নামে। কিন্তু ইমরানের সাথে বিদুৎ অফিস যোগাযোগ করতে না পেরে তার ব্যবসায়ীক পার্টনার বাবুকে ১০ হাজার টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে। বাবু বলে দেন, “মিটার আমার নামে নয়, আমি কেন টাকা পরিশোধ করবো”? এই কথার পর লাইনম্যান আরিফ বাবুকে মিটার খুলে ফেলতে নির্দেশ দেন। একজন ইলেক্ট্রিশিয়ানের সহায়তায় বাবু মিটার খুলে বিদুৎ অফিসে নিয়ে যান। তখন বকেয়া না মিটানোয় অফিস মিটার নেয়নি। এরপর থেকে বাবুকে লাইনম্যান আরিফ বিভিন্ন ভাবে ব্ল্যাকমেইল করতে থাকে টাকার জন্য। টাকা না দিলে বাবুর বিরুদ্ধে মিটার খোলার দায়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় আরিফ। এক পর্যায়ে বাবুর ভারা বাসার মিটার লক করে দেয় বিদুৎ অফিস। বাবু পড়েন চরম ভুগান্তিতে।

ওই সময় করা এই কর্মকান্ড আইনত বৈধ কিনা জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় বিদুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)’র বিতরণ বিভাগ-২ এর উপ-সহকারী প্রকৌশলী তাপস মজুমদার ও লাইনম্যান আরিফ একই সাথে পত্রিকাকে জানিয়েছেন, বকেয়া আদায় করার জন্য তারা যা ইচ্ছা তাই করতে পারেন, এবং এটি বৈধ। আরিফ আরও জানান, বকেয়া আদায় করার জন্য ব্রাহ্মণবাড়িয়া শহরের পেশেন্ট কেয়ার হাসপাতালের এক মালিকের শ্বশুর বাড়িতে গিয়ে সে বাড়ির লাইন পর্যন্ত কেটে দিয়েছেন তারা। আরিফ গর্বের সাথেই কথাগুলো বলছিলেন প্রতিবেদকের কাছে। সমস্যা সমাধানের জন্য অফিস বাবুকে ২মাসের সময় বেধে দিলেও ১০/১৫ দিন পরেই মিটারে রিচার্জ করতে গেলে আবার তিনি সমস্যার সমুক্ষিন হোন। তখন আরিফের পরামর্শে বাবু সহকারী প্রকৌশলী মাসুদ রানা’র কাছে গেলে তিনি বাবুকে বাটপার-চিটার বলে গালিগালাজ করতে থাকেন। অনেক আকুতি মিনতি করার পর কয়েক ঘন্টা বসিয়ে রেখে মিটার আনলক করে দেন মাসুদ।

এবিষয়ে মাসুদ রানা প্রতিবেদককে জানিয়েছেন, প্রথমে একটু ভুল বুঝাবুঝি হলেও পরে ব্যপারটি ঠিক হয়ে গেছে।
তবে টাকা আদায় করার জন্য এই কর্মকর্তা এবং কর্মচারি যেই কান্ড ঘটিয়েছেন সেটিকে তারা আইনি প্রক্রিয়া বলে দাবী করলেও এটি পরে বেআইনি বলে প্রমান হয়।

এবিষয়ে জানতে চাইলে বিতরণ বিভাগ-২ এর নিবার্হী প্রকৌশলী মোহাম্মদ সুলতান মাহমুদ প্রতিবেদককে জানিয়েছেন, একজনের কাছে বকেয়া থাকলে আরেকজনের মিটার লক করে দেওয়া নিয়ম বর্হিভূত কাজ।

বিতরণ বিভাগ -২ অনেক এলাকায় প্রিপেইড মিটারের বদলে এখনো পোস্টপেইড বা বিল মিটার লাগিয়ে রেখেছে।

বাবু বলেন, যদিও বর্তমানে বকেয়া ডিমান্ড চার্জ ১০ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। কিন্তু মিটার একজনের নামে আর তারা হয়রানি করবে আরেক জনকে এ ভাবে তো চলতে পারেনা। তারা বিভিন্ন অনিয়ম দূর্নীতির মাধ্যমে অবৈধ টাকা কামায়। তারা মানুষকে জিম্মি করে রাখে বিভিন্ন ভাবে। এসব দূর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে সবাইকে।

 

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।