
তেপান্তর রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কেন্দ্রস্থলেই চলছে প্রকাশ্য আইন লঙ্ঘন। পৌরসভা কার্যালয়ের মাত্র দেড়শ গজের মধ্যেই ‘কোয়ালিশন বিল্ডার্স’ নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠান পৌর আইন ও নির্মাণবিধি উপেক্ষা করে বহুতল ভবন নির্মাণ করছে।
স্থানীয় বাসিন্দা এলবিন এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে পৌর প্রশাসন প্রতিষ্ঠানটিকে কাজ বন্ধের নির্দেশ দেয়। কিন্তু নির্দেশের তোয়াক্কা না করে ডেভেলপারটি নির্দ্বিধায় ভবন নির্মাণ চালিয়ে যাচ্ছে।
পৌরসভার কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিষ্ঠানটি অনুমোদনের জন্য কাগজপত্র জমা দিলেও আনুষ্ঠানিক অনুমতি এখনো পায়নি।
তবুও তারা ইতোমধ্যে তিন তলা পর্যন্ত ভবন নির্মাণ সম্পন্ন করেছে।
আরও প্রশ্ন উঠেছে অনুমোদনের প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় পৌর প্রশাসক শঙ্কর কুমার বিশ্বাস কীভাবে তাদের একটি ‘প্রত্যয়নপত্র’ প্রদান করলেন, যেখানে শুধু “প্রয়োজনীয় কাগজপত্র জমা” দেওয়ার বিষয়টি উল্লেখ আছে। অনুমোদন ছাড়াই এমন প্রত্যয়ন কেন এবং কী উদ্দেশ্যে তা নিয়েও জনমনে উঠেছে নানা প্রশ্ন।
একইভাবে, শহরের মৌলভীপাড়ায় ‘ডেভেলপমেন্ট কোং’ নামের আরেক প্রতিষ্ঠান পৌরসভা থেকে ছয়তলা ভবন নির্মাণের অনুমতি নিয়ে দশতলা ভবন নির্মাণ করে ইতোমধ্যে ফ্ল্যাট বিক্রিও শেষ করেছে। এসব অবৈধ কাজ সম্ভব হয়েছে পৌরসভার অভ্যন্তরীণ কিছু অসাধু কর্মকর্তার অঘোষিত সহযোগিতা ছাড়া নয় এমন অভিযোগও রয়েছে স্থানীয়দের।
অভিযোগ উঠলেও পৌর কর্তৃপক্ষের ভূমিকা আশ্চর্যজনকভাবে নিষ্ক্রিয়। তারা শুধু মৌখিকভাবে নিষেধ করে দায় সেরে ফেলছে, কোনো আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন না।
এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ বলেন,
“আমরা একাধিকবার তাদের পৌর আইন অনুযায়ী কাজ করতে বলেছি। কিন্তু তারা নির্দেশ অমান্য করে বহুতল ভবন নির্মাণ অব্যাহত রেখেছে।”
তবে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন “আইন অমান্যকারীরা যখন পৌরসভার নাকের ডগায় বহুতল ভবন তুলছে, তখন কেন প্রশাসন শুধু কথা বলেই থেমে আছে?”
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics