সীমান্ত খোকন:
ব্রাহ্মণবাড়িয়া পিডিবির বিতরণ বিভাগ ১ ও ২-এর অভ্যন্তরে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম দুর্নীতি, অবৈধ বিদ্যুৎ সংযোগ ও অব্যবস্থাপনার এক ভয়াবহ চিত্র উঠে এসেছে তেপান্তরের অনুসন্ধানে। মাসোহারার বিনিময়ে ব্যাটারি চালিত অটোরিকশার গ্যারেজে অবৈধ লাইন দেওয়া থেকে শুরু করে আবাসিকে ব্যবসায়িক সংযোগ, বহুতল ভবনে নিয়মবহির্ভূত লাইন, স্টোরে ঘন ঘন চুরি, প্রভাবশালী কর্মচারীদের সিন্ডিকেট, সব ক্ষেত্রেই অভিযোগের তীর পিডিবির কিছু কর্মকর্তা ও কর্মচারীর দিকে। আরও চাঞ্চল্যকর তথ্য হলো নিয়োগপ্রাপ্ত হয়েও কোনো দিন অফিসে না আসা ‘সাহায্যকারী’ পদদারী মনিরা আক্তারের স্থলাভিষিক্ত হয়ে তার স্বামী নাসিম বছরের পর বছর ধরে অফিস পরিচালনা করছেন, নিয়ন্ত্রণ করছেন নতুন মিটার বরাদ্দ থেকে শুরু করে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড। অভিযোগ রয়েছে, এসব অনিয়ম ঢাকতেই অফিসের অধিকাংশ সিসিটিভি ক্যামেরাও অকার্যকর করে রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া পিডিবিতে অনিয়ম-দুর্নীতির ভয়াবহ চিত্র: অবৈধ লাইন ও সিন্ডিকেটের দাপট:
ব্রাহ্মণবাড়িয়া পিডিবিতে দীর্ঘদিন ধরে চলা নানা অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা ও সিন্ডিকেটের প্রভাব নিয়ে এক বিস্তৃত অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সরেজমিন পর্যবেক্ষণ, একাধিক গ্রাহক, ভুক্তভোগী এবং সংশ্লিষ্ট সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, মাসোহারার বিনিময়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ, নিয়মবহির্ভূত মিটার স্থাপন, দায়িত্বে অবহেলা এবং প্রভাবশালীদের তদবিরে প্রশাসনিক কার্যক্রম পর্যন্ত নিয়ন্ত্রিত হচ্ছে।
অবৈধ বিদ্যুৎ লাইন, সরকার রাজস্ব হারাচ্ছে, সিন্ডিকেটের পকেট ভারী:
অভিযোগ রয়েছে, বিতরণ বিভাগ ১ ও ২ কর্তৃক ব্যাটারি চালিত অটোরিকশার গ্যারেজে মাসোহারার বিনিময়ে অবৈধ বিদ্যুৎ লাইন দেওয়া হচ্ছে।
হিসাব অনুযায়ী ৩ ফেইজের ৮ কেভি মিটারে সর্বোচ্চ ৪টি ইজিবাইক চার্জ দেওয়ার সক্ষমতা থাকলেও বাস্তবে দেখা গেছে ৮ কেভি থেকে ৪০ কেভি পর্যন্ত মিটারের বিপরীতে ৪০-৫০টি ইজিবাইক চার্জ দেওয়া হচ্ছে। এর অর্থ হলো, গোপনে অবৈধ লাইন চলছে ওই গ্যারেজে। এতে বিপুল রাজস্ব ক্ষতি হচ্ছে সরকারের, লাভবান হচ্ছে কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী।
প্রিপেইড মিটারের বদলে নতুন পোস্টপেইড মিটার:
নিয়ম অনুযায়ী নতুন সংযোগে প্রিপেইড মিটার বাধ্যতামূলক হলেও বহু এলাকায় এখনো পোস্টপেইড মিটার ব্যবহার হচ্ছে। এমনকি নতুন সংযোগেও পোস্টপেইড মিটার স্থাপনের প্রমান পাওয়া গেছে।
ব্যবসায়িক প্রতিষ্ঠানে আবাসিক মিটার: নিয়ম ভেঙে সুবিধা প্রদান:
ভাদুঘর এলাকার বেশ কিছু মুরগির খামারসহ বিভিন্ন স্থানে আবাসিক মিটার দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে। এতে ভোক্তা বিভাগ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বহুতল ভবনে এসটি লাইন না দিয়ে সাধারণ লাইন:
আইন অনুযায়ী বহুতল ভবনে এসটি লাইনের নিরাপত্তা ব্যবস্থা বাধ্যতামূলক হলেও শহরের বহুতল ভবনে সাধারণ লাইনেই সংযোগ দেওয়া হয়েছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং নিয়ম লঙ্ঘন হচ্ছে।
শূন্যপদে নিয়োগপ্রাপ্ত ‘সাহায্যকারী’ অফিসে না এসে তার স্বামী অফিস পরিচালনা করেন:
২০১৪ সালে নিয়োগপ্রাপ্ত বিতরণ বিভাগ ১ এর সাহায্যকারী মনিরা আক্তার কখনো অফিসের কাজে যোগ না দিলেও তার জায়গায় নিয়মিত অফিস করেন স্বামী নাসিম।
মনিরার অফিসিয়াল নম্বরটিও নাসিম ব্যবহার করেন।
এমনকি, নাসিম পিডিবির ১০৭ নম্বর কক্ষে একটি “ডেস্ক” ব্যবহার করেন। যদিও তিনি অফিসের কোনো কর্মচারী নন।
একই কক্ষে তড়িৎবিদ শিরু এবং সাহায্যকারী কালা মনির-এরও ডেস্ক রয়েছে।
নাসিমের বিরুদ্ধে অভিযোগ, ১০-১৫ হাজার টাকার বিনিময়ে মিটার বরাদ্দ:
অভিযোগ রয়েছে, বিতরণ বিভাগ ১ এ নাসিম নতুন গ্রাহকদের মিটার বরাদ্দের ক্ষেত্রে ১০-১৫ হাজার টাকা নেন। পত্রিকার পক্ষ থেকে পরিচয় গোপন করে ফোন করলে টাকা নেওয়ার বিষয়ে সত্যতা পাওয়া যায়।
স্থানীয়রা জানান, নাসিম ও তড়িৎবিদ শিরুর সহযোগিতায় পিডিবির পরিত্যক্ত কোয়ার্টারগুলো ইয়াবাসেবীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। ফলে ঘন ঘন চুরির ঘটনা ঘটলেও কোনো অভিযোগ করতে দেওয়া হয় না। সরেজমিনে গিয়ে ইয়াবা সেবনর প্রমান পান প্রতিবেদকগণ।
নাসিম নরসিংদীর ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত এবং গত ১০ বছর ধরে স্ত্রীর পরিচয়ে ব্রাহ্মণবাড়িয়া পিডিবি অফিসে কর্তৃত্ব করে আসছেন বলে অভিযোগ।
১ নম্বর বিতরণ বিভাগে ভবনভিত্তিক নিয়ম ভঙ্গ এসটি লাইন ছাড়াই সংযোগ:
দাতিয়ারা এলাকার প্রতিটি বহুতল ভবনে এসটি লাইন ছাড়াই বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগ রয়েছে। এতে জড়িত বলে নাম এসেছে নাসিম ও শিরুর।
সাবেক শ্রমিক লীগ নেতা শিরুর বিরুদ্ধে মিটার সয়যোগ ও ওভারটাইম দুর্নীতির অভিযোগ:
নতুন সংযোগে মিটার দিতে গ্রাহকদের কাছ থেকে ১০-১৫ হাজার টাকা নেন বিতরণ বিভাগ ১ এর তড়িৎবিদ সিরাজুল ইসলাম শিরু। ফোনে পরিচয় গোপন করে কথা বললে তিনিও অর্থ লেনদেনের কথা বলেন এবং অভিযোগের সত্যতা পাওয়া যায়।
অভিযোগ রয়েছে কোনো কাজ না করেও তিনি মাসে ১৫-২০ হাজার টাকার ওভারটাইম নেন।
এ ছাড়া ওয়াপদা পুরাতন গেট এলাকায় হরিজন সম্প্রদায়ের লোকজনকে বসবাসে সহায়তা করা, তাদের দিয়ে মাদক ব্যবসা করানো এবং ওয়াপদার ভেতরে বাইরের বিল্ডিংয়ের নির্মাণসামগ্রী রাখা,এসব অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
অনিয়ম ঢাকতে সিসিটিভি ক্যামেরা অকেজো:
বিতরণ বিভাগ ১ এর অফিসের বেশিরভাগ সিসিটিভি ক্যামেরা ইচ্ছাকৃতভাবে নষ্ট করে রাখা হয়েছে বলে অভিযোগ। এগুলো মেরামত করা হয়নি বা নতুন ক্যামেরা স্থাপনও হয়নি, যা অনিয়ম দুর্নীতি লুকানোর প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।
১০ বছর ধরে স্টোর কিপার নেই—ঘন ঘন চুরি হলেও ব্যবস্থা নেই:
বিতরণ বিভাগ ১ এ স্টোর কিপারের পদ দীর্ঘদিন খালি থাকায় স্টোরে ঘন ঘন চুরির ঘটনা ঘটে, কিন্তু নিয়োগ না থাকায় দায়দায়িত্ব নির্ধারণও কঠিন হয়ে পড়েছে।
স্থানীয়দের প্রশ্ন, স্টোর কিপার নিয়োগ দেওয়া হচ্ছে না কেন?
কালা মনিরের বিরুদ্ধে মিটার বদলে ফেলা, দ্রুত মিটার স্থাপনের অভিযোগ:
বিতরণ বিভাগ ১ এ “সাহায্যকারী” মনিরুল ইসলাম (কালা মনির) সাইকেলে করে বস্তায় ভওে নিয়ে নতুন মিটার নিয়ে গ্রাহকের বকেয়া থাকা পুরোনো মিটার ফেলে দিয়ে নতুন মিটার লাগিয়ে দেন। এবং পুড়নো মিটার নম্বর ২ নম্বর বিতরণ বিভাগের মতো অনলাইন সার্ভার থেকে মুছে দেন। টাকার বিনিময়ে এক ঘণ্টার মধ্যে মিটার লাগিয়ে দেওয়ারও অভিযোগ আছে তার বিরুদ্ধে।
ফিডার এলাকার অনিয়ম,স্থানীয় দালাল শাহজাহানের মাধ্যমে সংযোগ বাণিজ্য:
বিতরণ বিভাগ ১ এর উপ-সহকারী প্রকৌশলী মুকুল হোসেনের ফিডারের অংশ বড়াইল এলাকায় স্থানীয় ব্যক্তি শাহজাহানের মাধ্যমে মিটার লাগানো, ব্যবসায়িকে আবাসিক লাইন দেওয়া এবং পোস্টপেইড মিটার বহাল রাখা ও নতুন পোষ্টপেইড মিটার লাগিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। পরিচয় গোপন করে গ্রাহক সেজে তার সাথে ফোনে প্রতিবেদক কথা বললে এসবের সত্যতা পাওয়া যায়। ১৪ নভেম্বর ওই এলাকায় ট্রান্সফরমার চুরির পর নতুন ট্রান্সফরমার বসাতে নাকি কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়নি। শাহজাহানের কথাতেই ট্রান্সফরমার পাঠানো হয়েছে।
শাহজাহান পিডিবির কেউ নন, তবু কিভাবে তিনি এসব দায়িত্ব পালন করেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
মুকুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ জানতে গেলে সাংবাদিকদের সাথে অশোভন আচরণ:
১৬ নভেম্বর সাংবাদিকরা মুকুল হোসেনের বক্তব্য জানতে গেলে তিনি সরাসরি কথা না বলে সরাইল পিডিবির উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলামকে আগে থেকেই ডেকে রাখেন। বক্তব্য জানতে চাইলে ও কথা রেকর্ড করতে চাইলে শহিদুল সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তিনি স্থানীয় অনেক সিনিয়র সাংবাদিকের নাম ভাঙ্গিয়ে প্রতিবেদককে হুমকি দিতে থাকেন।
এক পর্যায়ে তাদের আরও কয়েকজন লোক হাজির হয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন,যা সাংবাদিকদের জন্য ছিল বিব্রতকর। মূলত তারা তাদের দূর্নীতি ঢাকতে তারা এই পন্থা অবলম্বন করেছেন।
প্রকৌশলী মুকুল হোসেন বলেন“উপরের অনুমতি ছাড়া নাকি তারা বক্তব্য দিতে পারেন না।”
লাইনম্যান সোহেলের বিরুদ্ধে অফিসকেন্দ্রিক মিটার বাণিজ্যের অভিযোগ:
বিতরণ বিভাগ-২ এর লাইনম্যান সোহেল কখনো ফিল্ডে না গিয়ে অফিস থেকেই কোন গ্রাহক মিটার পাবে আর পাবে না তার সিদ্ধান্ত নেন।
স্থানীয়দের দাবি, কামাল নামে তার বড় ভাই নির্বাহী প্রকৌশলী, তাই তার ক্ষমতার উৎস সেখানেই। ফলে তিনিই অফিসের হর্তাকর্তা।
এবিষয়ে অভিযুক্ত নাসিম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন পত্রিকার প্রতিবেদকের কাছে। অভিযোগ অস্বীকার করেছেন সিরাজুল ইসলাম শিরুও। যদিও এই দুজনই তাদের বিরুদ্ধে পুড়ো অভিযোগ শুনতে চাননি। তবে শিরু একজন তরিৎবিদ হিসেবে চাকরি করলেও তিনি নিজেকে লাইনম্যান হিবে পরিচয় দিয়েছেন প্রতিবেদকের কাছে।
বক্তব্য জানতে চাইলে উপ-সহকারী প্রকৌশলী মুকুল হোসেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ শুনতে চাননি এবং অভিযোগ গুলো উপস্থাপন করতে চাইলে বাধা দেন তার হায়ার করে আনা সরাইলের উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম সহ অন্যান্যরা।
সর্বশেষ ১৭ নভেম্বর এবিষয়ে বক্তব্য জানতে চাওয়া হয়েছিলো বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মীর্জা মোহাম্মদ হাফিজ’র কাছে। তিনিও এবিষয়ে কোনো বক্তব্য দেননি।
পুরো বিষয়টি নিয়ে গ্রাহক, স্থানীয়রা এবং ভুক্তভোগীদের দাবি, এখনই স্বচ্ছ তদন্ত প্রয়োজন, নাহলে পিডিবির প্রতি মানুষের আস্থা আরও কমে যাবে।
এবিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ হবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের ৩য় পর্বে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics