Tepantor

ভূমিকম্পে ব্রাহ্মণবাড়িয়ার অবৈধ বহুতল ভবনগুলো ধসের ঝুঁকিতে

25 November, 2025 : 4:12 pm
শহরের মৌলভীপাড়ায় অবস্থিত ২টি বহুতল ভবন। এই এলাকায় এমন আরও বহুতল ভবন রয়েছে।

সীমান্ত খোকন:
দেশজুড়ে সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্পে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এটি আরও বড় এক ভূমিকম্পের আগাম সংকেতও হতে পারে। এমন পরিস্থিতিতে সবচেয়ে ঝুঁকিতে পড়ে আছে ব্রাহ্মণবাড়িয়া শহরের দীর্ঘদিনের অবৈধ বহুতল ভবনের সাম্রাজ্য, যা গড়ে উঠেছে পৌরসভার নীরবতা, অনিয়ম এবং দুর্বল তদারকির মধ্য দিয়ে।

ভূমিকম্পের পর নতুন শঙ্কা:
বাংলাদেশের ভূমিকম্প বিশেষজ্ঞরা মনে করছেন, সাম্প্রতিক ভূমিকম্পটি ছিল ভবিষ্যতের আরও বড় একটি ভূমিকম্পের সম্ভাবনার ইঙ্গিত। দেশের পূর্ব ও উত্তর-পূর্ব অংশ দীর্ঘদিন ধরে “সিজমিক সক্রিয় জোন” হিসেবে চিহ্নিত। ব্রাহ্মণবাড়িয়াও সেই ঝুঁকিপূর্ণ অঞ্চলের ভেতর পড়ে।
এই পরিস্থিতিতে শহরের নাজুক বা অনিয়মে নির্মিত বহুতল ভবনগুলো নিয়ে নাগরিকদের ভয় আরও বেড়েছে।

৬ তলার বেশি ভবনে নিষেধাজ্ঞা কিন্তু শহরে দাঁড়িয়ে গেছে ৭ থেকে ১৪ তলা ভবন:
নিয়ম অনুযায়ী পৌরসভা সর্বোচ্চ ৬ তলা পর্যন্ত অনুমোদন দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরে চলছে তার ঠিক উল্টো দৃশ্য।

অনুমোদন নিয়ে ৬ তলা, কিন্তু নির্মাণ ৮-১০ তলা। অনুমোদন ছাড়াই ১২-১৪ তলা পর্যন্ত ভবন। নির্মাণ চলাকালেও পৌরসভার কোনো তদারকি নেই। গত দেড় যুগ ধরে শহরের বিভিন্ন এলাকায় এমন ৭ থেকে ১৪ তলা পর্যন্ত ভবন মাথা তুলে দাঁড়িয়েছে, আর সবকিছু ঘটেছে পৌরসভার নাকের ডগায়।

পৌরসভার ভেতরেই প্রভাবশালী চক্রের দালালি, নাগরিকদের অভিযোগ:

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে ভবনমালিকদের কাছ থেকে বিশেষ সুবিধা নিয়ে পৌরসভার কিছু কর্মকর্তা এই অনিয়মের সরাসরি সুবিধাভোগী।
বিশেষ করে বর্তমান নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদের নাম সবচেয়ে বেশি উঠে এসেছে। সহকারী প্রকৌশলী থাকা অবস্থাতেই তিনি ভবনমালিক ও পৌর কর্তৃপক্ষের মধ্যে দালালচক্রের যোগাযোগ করতেন বলে অভিযোগ রয়েছে।
মেয়র না থাকায় এখন তিনি ও পৌরসভার প্রশাসক পুরো বিল্ডিং অনুমোদন প্রক্রিয়ার একক নিয়ন্ত্রক হিসেবে কাজ করছেন এমনটাই বলছেন ভুক্তভোগীরা। অর্থাৎ, বর্তমানেও পৌরসভাটির প্রশাসক শঙ্কর কুমার বিশ্বাস ও নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগীতায় শহরে দেদারছে অনুমোদনহীন বহুতল ভবন নির্মান হচ্ছে।

ফায়ার সার্ভিসের মতে এগুলো “টাইম বোম”:

অন্যদিকে, এসব ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থার চরম ঘাটতি রয়েছে।
ফায়ার সার্ভিস বলছে, আইন অনুযায়ী বহুতল ভবনে যেসব নিরাপত্তা থাকা বাধ্যতামূলক
১.নিজস্ব ওয়াটার পাম্প ২.স্থায়ী ফায়ার ফাইটিং সিস্টেম ৩.ছাদের উপরে রিজার্ভার ৪.অন্তত ১.৫ মিটার প্রশস্ত সিঁড়ি ৫.বিকল্প সিঁড়ি ৬.জেনারেটর ৭.জরুরি লাইটিং ৮.ভবনে প্রবেশের জন্য ৩০ ফুট প্রশস্ত রাস্তা ৯.ভবনের পাশে বৈদ্যুতিক খাম্বা না থাকা ১০.ভবনের নিচে পানির ট্যাঙ্ক। এগুলোর বেশিরভাগই ব্রাহ্মণবাড়িয়ার বহুতল ভবনে রাখা হয়নি।
ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার থেকে আবেদন ছাড়াই এসব ভবন নির্মিত হয়েছে, যা আইন লঙ্ঘন।

ভূমিকম্পে বড় বিপর্যয়ের আশঙ্কা, কারণ শহরটি ‘সিজমিক জোন’:

ব্রাহ্মণবাড়িয়া সিজমিক জোন-৩ এ পড়ে। বিশেষজ্ঞরা মনে করছেন-
অবৈধ বহুতল ভবনগুলো ভূমিকম্পে প্রথমেই ধসে পড়বে, একটি ভবন ধসে পড়লে “চেইন-কোলাপ্স” হয়ে পুরো এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে, জনঘনত্ব বেশি হওয়ায় উদ্ধার অভিযান ভয়াবহ কঠিন হবে।
সাম্প্রতিক ভূমিকম্পের পর শহরবাসীর মধ্যেও শঙ্কা আরও বৃদ্ধি পেয়েছে।

হাজারো মানুষের বসতি,কিন্তু কে নেবে দায়িত্ব?

এই অনিয়মে গড়ে ওঠা ভবনগুলোতে হাজার হাজার মানুষ বসবাস করেন। ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, মার্কেট, সবই চলছে ঝুঁকির মধ্যেই।
নাগরিকদের প্রশ্ন,“ভূমিকম্পে যদি কোনো বড় দুর্ঘটনা ঘটে, এর দায় কি শুধু ভবন মালিকের, নাকি অনুমোদনদাতা প্রতিষ্ঠান পৌরসভাকেও দায় নিতে হবে?”
আইন অনুযায়ী ভবন নির্মাণের বৈধতা নিশ্চিত করা, অনুমোদন যাচাই করা এবং প্রয়োজনীয় পরিদর্শন করা, এটি পৌরসভারই দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব কতটা পালন হচ্ছে, তা নিয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে।

মৌলভীপাড়ায় অবস্থিত আরও কয়েকটি বহুলত ভবন।

দেড় যুগ ধরে একই চিত্র, পৌরসভার রাজনৈতিক নেতৃত্বের দায় এড়ানো:

২০১২ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত যে মেয়র বা চেয়ারম্যান ক্ষমতায় ছিলেন সবার বক্তব্যে একই প্রবণতা দেখা গেছে: দায়ীত্ব অন্যের ওপর চাপানো।

২০১২ সালে মেয়র হেলাল উদ্দিন।
তিনি অভিযোগ করেন এসব ভবনের অনুমোদন দিয়েছেন আগের বিএনপি সমর্থিত চেয়ারম্যান হাফিজুর রহমান মোল্লা কচি।

২০১৪ – সহকারী প্রকৌশলী (বর্তমানে নির্বাহী প্রকৌশলী) কাউসার আহমেদ।
অবৈধ ভবনের তালিকা চাওয়া হলে তিনি “১ সপ্তাহ পর দিবেন” বলেন।
কিন্তু কখনো তালিকা দেননি। বর্তমানেও তার একই অনীহা।

২০১৪ – নির্বাহী প্রকৌশলী জেড. এম. আনোয়ার।
তিনি প্রথমে কিছু জানেন না বললেও, পরে স্বীকার করেন-
“৬ তলার ওপরে যত ভবন আছে সবই অবৈধ।”
তখনকার মেয়র হেলাল উদ্দিন।
তিনি দাবি করেন
“আমরা ১০ তলা পর্যন্ত অনুমোদন দিতে পারি।” কিন্তু তিনি প্রমাণ দিতে পারেননি।

২০১৬ -মেয়র নায়ার কাবির।
তিনি দায় চাপান আগের মেয়র হেলাল উদ্দিনের ওপর।
অর্থাৎ কেউই দায় নিচ্ছেন না। কেউই স্বীকার করছেন না। কিন্তু ভবনগুলো দাঁড়িয়ে গেছে, বাড়ছে, এবং ঝুঁকিও বাড়ছে।

দুইটি গল্প:

হালদারপাড়ার ১৩ তলা এলআর টাওয়ার।
ভবন কর্তৃপক্ষ দাবি করেছিল সব অনুমোদন আছে। কিন্তু পৌরসভার তা অস্বীকার করে। কে দাস মার্কেটের মালিকের প্রভাবের গল্প
মার্কেটের কেয়ারটেকার তখন জানিয়েছিলেন, মালিক মিডিয়ায় বড় পদে থাকেন এবং ‘তারেক জিয়া এখানে খেলেছে’তাই অনুমোদন লাগে না!

বিল্ডিং কোড ভঙ্গ, ব্যবস্থা কোথায়?

বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (ইঘইঈ) অনুযায়ী:
সয়েল টেস্ট, স্ট্রাকচারাল ডিজাইন, আরসিসি লোড ক্যালকুলেশন, মানসম্মত রড ও কংক্রিট, নকশা অনুযায়ী নির্মাণ, সাইট পরিদর্শন রিপোর্ট এগুলো বাধ্যতামূলক।
কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার অধিকাংশ অবৈধ বহুতল ভবনে এসবের কিছুই মানা হয়নি।

শহরের মানুষ বলছেন-

পৌরসভা যদি চাইত, একদিনেই এসব নির্মাণ থামাতে পারত।
অনুমোদন না থাকলে ভবন ধসে পড়লে তার দায় কি শুধু মালিকের?
নাকি অনুমোদন না দেখে চুপ থাকা পৌরসভা সমানভাবে দায়ী?
বিশেষজ্ঞদের মতে, সরকারি সংস্থা তদারকির দায়িত্বে থাকলে তারা দায়মুক্ত থাকতে পারে না।
ব্রাহ্মণবাড়িয়া শহরের ওপর দিয়ে প্রতিদিন যেভাবে আকাশছোঁয়া অবৈধ ভবনের সারি বাড়ছে তা শুধুই নান্দনিক সমস্যা নয়;

এটি এখন জীবনের ঝুঁকি, জননিরাপত্তার হুমকি এবং সম্ভাব্য ভূমিকম্প বিপর্যয়ের পূর্বাভাস। সাম্প্রতিক ভূমিকম্প সেই সতর্ক সংকেতই আবার জাগিয়ে দিয়েছে।
শহরবাসীর দাবি, “এখনই কঠোর ব্যবস্থা না নিলে ব্রাহ্মণবাড়িয়া আগামীতে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে।”
এসব বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কোনো কর্মকর্তা মিডিয়াতে তাদের বক্তব্য দিতে চাননি এবং মিডিয়ার এসব লিখনীতে তারা বেশ বিরক্ত।

 

 

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।