তেপান্তর রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাহারি পিঠার সমাহারে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকালে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে ১৮টি স্টলে মোট ৭৫ ধরনের পিঠা প্রদর্শনের মাধ্যমে এই উৎসবের আয়োজন করা হয়।
উৎসবের উদ্বোধন করেন মাছিহাতা গ্রুপের চেয়ারম্যান সৈয়দা মাহফুজা আক্তার মিতা। কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর দিলারা আক্তার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শামীমুল হক।
আয়োজিত স্টলগুলোতে ভাপা, পাক্কন, পাটিসাপটা, দুধ পুলি ও খেজুর গুড়ের পিঠাসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠা স্থান পায়। উদ্বোধনী অনুষ্ঠানের পর কলেজ প্রাঙ্গণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শেকড়ের সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখতেই এই আয়োজন করা হয়েছে। আধুনিকতার ভিড়ে নিজস্ব ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর এই উৎসব আয়োজন করা হবে বলে কলেজ কর্তৃপক্ষ জানায়।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics