তেপান্তর রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ায় উৎপাদিত গ্যাস ব্যবহারের ক্ষেত্রে জেলার বাসিন্দারা অগ্রাধিকার পাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই দাবি আদায় না হলে প্রয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের ডাকবাংলো মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, “আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে ব্রাহ্মণবাড়িয়ার উৎপাদিত গ্যাস আগে এই এলাকার মানুষ পাবে, তারপরে অন্য জায়গায় যাবে। সংসদে আমি প্রথম এই দাবি জানাব। মন্ত্রণালয় যদি ব্যবস্থা না নেয়, তবে আপনাদের নিয়ে রাজপথে নামব।”
নির্বাচনী এলাকার উন্নয়নে বেশ কিছু ব্যতিক্রমী প্রতিশ্রুতিও দেন এই প্রার্থী। নিজের চিকিৎসা স্থানীয় হাসপাতালেই করানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, “আমার ব্যক্তিগত চিকিৎসা হবে নির্বাচনী এলাকার হাসপাতালেই। তখন আর কেউ বলতে পারবে না যে হাসপাতালে ওষুধ বা ডাক্তার নেই।” এছাড়া সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরকে দেশের মধ্যে আধুনিক মডেল হিসেবে গড়ে তোলা এবং জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের অঙ্গীকার করেন তিনি।
অংশগ্রহণমূলক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে রুমিন ফারহানা আরও বলেন, “সবার সঙ্গে পরামর্শ করে উন্নয়ন কাজ করব। কাজ বাস্তবায়ন করতে না পারলে পাঁচ বছর পর ভোট চাইতে আসব না।”
চান্দুরা ও বুধন্তী ইউনিয়নে গণসংযোগ শেষে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন প্রকৌশলী রফিকুল ইসলাম, বাবুল মিয়া, আবু সাঈদ মেম্বারসহ স্থানীয় নেতাকর্মীরা। হাঁস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics