Tepantor

আশুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটি ফাঁকির অভিযোগ চিকিৎসক ফয়সল আল আহসানের বিরুদ্ধে

25 February, 2026 : 9:23 pm
Oplus_131072

তেপান্তর রিপোর্ট:

আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এর কনসালটেন্ট চিকিৎসক ডা. ফয়সল আল আহসান–এর বিরুদ্ধে গুরুতর দায়িত্ব অবহেলা, ডিউটি ফাঁকি এবং রোগীদের সঙ্গে অসদাচরণের একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং নিয়মিত চেম্বার না করা সত্ত্বেও হাজিরা খাতায় তার উপস্থিতি দেখানো হচ্ছে, যা শাস্তিযোগ্য অপরাধ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ব্যতীত সপ্তাহে ছয় দিন চেম্বার করার নিয়ম থাকলেও তিনি নিয়মিত চেম্বার করেন না। অনেক সময় সপ্তাহ পার হলেও তাকে হাসপাতালে দেখা যায় না, অথচ হাজিরা খাতায় তার স্বাক্ষর বা উপস্থিতি দেখানো হয়। অভিযোগ রয়েছে, নিজের ইচ্ছামতো হাসপাতালে আসা-যাওয়া করে তিনি কার্যত সরকারি নিয়ম-নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। এর ফলে সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ ও অসহায় রোগীরা।

এছাড়াও অভিযোগ রয়েছে, অনেক ক্ষেত্রে সরকারি হাজিরা খাতায় স্বাক্ষর করে চিকিৎসকরা বেসরকারি ক্লিনিকে রোগী দেখেন, যা সরকারি চিকিৎসাসেবা ব্যাহত করার শামিল। এতে করে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সরেজমিন অনুসন্ধানে আরও জানা যায়, প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে সরকারি ডিউটি ফাঁকি দিচ্ছেন ডা. ফয়সল আল আহসান। রোগীদের সঙ্গে দুর্ব্যবহার এবং অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। হাসপাতালের অনেক কর্মকর্তা-কর্মচারী তার প্রভাবের কারণে এ বিষয়ে মুখ খুলতে সাহস পান না বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে ডা. ফয়সল আল আহসান সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি উল্টো ভয়ভীতি ও মামলা-হামলার হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, বিগত সময়ে তিনি একটি রাজনৈতিক দল ঘনিষ্ঠ চিকিৎসক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সেই প্রভাব ব্যবহার করে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়দের দাবি।

এ বিষয়ে জানতে চাইলে ডা. জলিল কায়সার খোকন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্পষ্ট কোনো বক্তব্য দিতে চাননি বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে জেলা সিভিল সার্জন ডা. মোঃ নোমান মিয়া বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সরকারি ডিউটি ফাঁকি দেওয়া অন্যায় এবং এ ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।