তেপান্তর রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কোনো ধরনের সনদ ছাড়াই চিকিৎসক সেজে রোগী দেখার দায়ে নারায়ণ চন্দ্র পাল নামে এক ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার তন্তর বাজারের ‘নয়ন মেডিকেল হল’-এ অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই দণ্ড প্রদান করে।
অভিযান সূত্রে জানা গেছে, নারায়ণ চন্দ্র পাল দীর্ঘদিন ধরে নিজের ফার্মেসিতে চেম্বার খুলে রোগী দেখছিলেন। তিনি নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে প্রেসক্রিপশন লিখতেন এবং প্রতি রোগীর কাছ থেকে ২০০ টাকা করে ভিজিট নিতেন। অভিযানে দেখা যায়, রোগীরা লাইনে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছেন এবং তিনি দেদারসে অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন উচ্চমাত্রার ওষুধ লিখে দিচ্ছেন। কিন্তু জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি এমবিবিএস কিংবা পল্লী চিকিৎসক—কোনো ধরনের সনদই দেখাতে পারেননি।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, মিথ্যা পদবি ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। অভিযানে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics