Tepantor

সিএনজির গ্যাস সিলিন্ডারে মিলল ৫০ কেজি গাঁজা, গ্রেফতার ২

22 January, 2026 : 5:41 pm

তেপান্তর রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে পাচারের সময় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (২১ জানুয়ারি) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার ভাদুঘর এলাকায় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সদর উপজেলার উরশীউড়া গ্রামের মো. রিপন (২৪) ও একই গ্রামের মো. সুলাইমান (২৩)।

অভিযান সূত্রে জানা গেছে, ডিএনসির জেলা কার্যালয়ের একটি রেইডিং টিম সন্দেহভাজন ওই অটোরিকশাটি থামিয়ে তল্লাশি শুরু করে। এসময় গাড়িতে থাকা ৪টি গ্যাস সিলিন্ডারের ওজন ও গঠন দেখে সন্দেহ হয় কর্মকর্তাদের। পরে সিলিন্ডারগুলো কেটে ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৫০ কেজি গাঁজা পাওয়া যায়। এর মধ্যে ৩৫ কেজি সাইজের তিনটি সিলিন্ডারে ৪৫ কেজি এবং ১২ কেজি সাইজের একটি সিলিন্ডারে ৫ কেজি গাঁজা রাখা ছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা উপপরিচালক সাজেদুল হাসান জানান, অভিনব এই কায়দায় মাদক পাচারের খবর পেয়ে আগে থেকেই ভাদুঘর এলাকায় অবস্থান নেয় তাদের টিম। মাদকসহ অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় উপপরিদর্শক ফয়েজ আহাম্মেদ বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array