তেপান্তর রিপোর্ট:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ধানের শীষের প্রচারণা জোরদার করেছে বিএনপি। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নে নির্বাচনী সভার মাধ্যমে এই তৎপরতা শুরু হয়।
ইউনিয়নের অষ্টগ্রাম মাদ্রাসা মাঠে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে খালেদ হোসেন মাহবুব শ্যামল ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এ সময় তিনি এলাকার উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন কামনা করেন।
তালশহর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য দেন। বক্তারা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবি জানিয়ে তৃণমূল নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারার প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি এ বি এম মমিনুল হক ও জসিম উদ্দিন রিপন। এছাড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি আবু শামীম মোহাম্মদ আরিফসহ যুবদল ও মহিলা দলের স্থানীয় নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি নেতা ফাইজুর রহমান ফয়েজ ও জামির হোসেন। সভায় তালশহর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগদান করেন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ArrayCopyright © 2026 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics