Tepantor

নবীনগরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়ল আরও ৪ দোকান

2 February, 2026 : 3:02 pm

তেপান্তর রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ইউনিয়ন বিএনপির একটি কার্যালয়সহ অন্তত পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার নাটঘর বাজারে এ ঘটনা ঘটে। বিএনপি নেতাদের দাবি, নির্বাচনী পরিবেশ অস্থির করতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক আড়াইটার দিকে নাটঘর বাজার এলাকায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পাশের চারটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে কার্যালয়সহ পাঁচটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। তিনি এই ঘটনার জন্য একই আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের সমর্থকদের দায়ী করেছেন।

অ্যাডভোকেট আব্দুল মান্নান অভিযোগ করে বলেন, “স্বতন্ত্র প্রার্থী তাপসের সমর্থকরা আমাদের নেতাকর্মীদের নিয়মিত হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় তারা আমাদের অফিস পুড়িয়ে দিয়েছে। বিভিন্ন স্থানে ব্যানার ও নির্বাচনী ক্যাম্পও ভাঙচুর করা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে এই নাশকতার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। এর পেছনে রাজনৈতিক সংঘাত নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Array